image

গাজায় আবারও বিমান হামলা, নিহত ৩২

সংবাদ অনলাইন রিপোর্ট

ফিলিস্তিনের গাজায় আবারো বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এতে নারী-শিশুসহ অন্তত ৩২ জন নিহত হয়েছেন। স্থানীয় সময় গতকাল শনিবার (৩১ জানুয়ারি) স্থানীয় উদ্ধারকারীদের বরাত দিয়ে এমনটাই জানিয়েছে আন্তর্জাতিক সংবাদ সংস্থা বিবিসি।

এদিকে ইসরায়েলি সেনাবাহিনীর দাবি, স্থানীয় সময় শুক্রবার (২৯ জানুয়ারি) হামাস যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করার জবাবে তারা এই হামলা চালিয়েছে।

এদিকে, হামলার বিষয়ে হামাস পরিচালিত বেসামরিক প্রতিরক্ষা সংস্থা বিবিসিকে জানিয়েছে, দক্ষিণ গাজার খান ইউনিস শহরে বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের জন্য স্থাপিত একটি তাঁবুতে হেলিকপ্টার গানশিপ থেকে হামলা চালানো হয়। হামলায় আবাসিক ভবন, তাঁবু, আশ্রয়কেন্দ্র ও একটি পুলিশ স্টেশন ক্ষতিগ্রস্ত হয়েছে।

হামাস এই হামলার নিন্দা জানিয়ে যুক্তরাষ্ট্রকে দ্রুত হস্তক্ষেপের আহ্বান জানিয়েছে।

অন্যদিকে ইসরায়েল ডিফেন্স ফোর্সেস (আইডিএফ) এক বিবৃতিতে জানিয়েছে, ইসরায়েলি বাহিনীর নিয়ন্ত্রণে থাকা পূর্ব রাফায় ভূগর্ভস্থ অবকাঠামোতে আট ‘সন্ত্রাসীকে’ শনাক্ত করে তারা। পরে ইসরায়েল সিকিউরিটি এজেন্সির (আইএসএ) সঙ্গে যৌথভাবে গাজার বিভিন্ন স্থানে হামলা চালানো হয়। এতে হামাসের চারজন কমান্ডার ও কয়েকজন যোদ্ধা নিহত হয়েছে বলেও বিবৃতিতে দাবি করা হয়।

উল্লেখ্য, গত বছরের অক্টোবরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় গাজায় যুদ্ধবিরতি শুরুর পর থেকেই ইসরায়েল ও হামাস পরস্পরের বিরুদ্ধে চুক্তি ভঙ্গের অভিযোগ করে আসছে। এসব অভিযোগে ইসরায়েল প্রায় নিয়মিতই গাজায় হামলা চালিয়ে আসছে। তবে যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপে এটিই সবচেয়ে ভয়াবহ হামলা।

এর আগে, ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলের ভেতর হামাসের হামলায় প্রায় ১ হাজার ২০০ জন নিহত হন। এছাড়া ২৫১ জনকে জিম্মি করে গাজায় নিয়ে যাওয়া হয়। এরপর থেকে গাজায় ইসরায়েলের হামলায় এখন পর্যন্ত ৭১ হাজার ৬৬০ জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন।

‘আন্তর্জাতিক’ : আরও খবর

সম্প্রতি