image

ইউরোপীয় সেনাবাহিনীকে ‘সন্ত্রাসী’ বিবেচনার হুমকি ইরানের

সংবাদ অনলাইন রিপোর্ট

ইউরোপীয় পার্লামেন্টে ইরানের বিপ্লবী গার্ড বাহিনীকে (আইআরজিসি) সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করার যে আহ্বান জানানো হয়েছে, তার পাল্টা কঠোর পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে তেহরান।

ইরান জানিয়েছে, ইউরোপীয় ইউনিয়ন যদি তাদের রাষ্ট্রীয় বাহিনীকে সন্ত্রাসী হিসেবে ঘোষণা করে, তবে তেহরানও পাল্টা ব্যবস্থা হিসেবে ইউরোপীয় দেশগুলোর সামরিক বাহিনীকে সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে আখ্যায়িত করবে।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আব্দুল্লাহিয়ান তীব্র নিন্দা জানিয়ে বলেছেন, ইউরোপীয় পার্লামেন্টের এ ধরনের পদক্ষেপ অনেকটা নিজেদের পায়ে নিজেরা কুড়াল মারার মতো। তিনি সতর্ক করে বলেন, ইরান এই উস্কানিমূলক কর্মকাণ্ডের যথাযথ জবাব দিতে প্রস্তুত।

তেহরানের পক্ষ থেকে জানানো হয়েছে, যদি আইআরজিসিকে কালো তালিকাভুক্ত করা হয়, তবে ইরানও ইউরোপীয় দেশগুলোর সশস্ত্র বাহিনীকে ‘সন্ত্রাসী’ হিসেবে বিবেচনা করবে এবং সেই অনুযায়ী ব্যবস্থা নেবে।

ইরানের উচ্চপদস্থ কর্মকর্তারা বলছেন, ইউরোপীয় পার্লামেন্টের এই সিদ্ধান্ত আন্তর্জাতিক আইনের পরিপন্থী এবং এটি মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতা রক্ষায় আইআরজিসির ত্যাগ ও অবদানকে অবমূল্যায়ন করার শামিল।

তেহরান স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে, তাদের জাতীয় নিরাপত্তার স্বার্থে কোনো আপোস করা হবে না এবং পশ্চিমারা যদি শত্রুভাবাপন্ন কোনো পদক্ষেপ গ্রহণ করে, তবে এর পরিণাম হবে সুদূরপ্রসারী।

উল্লেখ্য, সম্প্রতি ইরানে অভ্যন্তরীণ অস্থিরতা এবং ড্রেস কোড ইস্যুতে সরকারের কঠোর অবস্থানের প্রতিবাদে ইউরোপীয় ইউনিয়ন ইরানের ওপর নানা ধরনের নিষেধাজ্ঞা আরোপের চাপ তৈরি করছে। এরই অংশ হিসেবে বিপ্লবী গার্ড বাহিনীকে সন্ত্রাসী তালিকায় অন্তর্ভুক্ত করার বিষয়টি জোরালোভাবে আলোচিত হচ্ছে, যা এখন তেহরান ও ব্রাসেলসের মধ্যে নতুন করে উত্তেজনা সৃষ্টি করেছে।

‘আন্তর্জাতিক’ : আরও খবর

সম্প্রতি