image

এপস্টেইন নথিতে ইসরায়েলে মোদীর নাচগানের খবর: ‘ভিত্তিহীন’ বললো নয়াদিল্লি

সংবাদ অনলাইন রিপোর্ট

ইসরায়েল সফরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নাচগান করা সংক্রান্ত খবরকে সম্পূর্ণ ‘ভিত্তিহীন’ বলে উড়িয়ে দিয়েছে নয়াদিল্লি। যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ প্রকাশিত জেফ্রি এপস্টেইন সংক্রান্ত নতুন নথিতে মোদীর নাম জড়িয়ে বিভিন্ন প্রতিবেদন প্রকাশিত হওয়ার পর শুক্রবার ভারত সরকারের পক্ষ থেকে এই আনুষ্ঠানিক ব্যাখ্যা দেওয়া হয়।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এক সংবাদ সম্মেলনে জানান, তথাকথিত এপস্টেইন ফাইলে উল্লিখিত একটি ই-মেইলে প্রধানমন্ত্রীর নাম কেবল ২০১৭ সালের জুলাই মাসে তার সরকারি ইসরায়েল সফরের প্রেক্ষাপটে ব্যবহৃত হয়েছে। এর বাইরে সামাজিক মাধ্যম বা বিভিন্ন সংবাদমাধ্যমে যেসব দাবি বা ইঙ্গিত করা হচ্ছে, তা পুরোপুরি বানোয়াট। এ ধরনের বিভ্রান্তিকর প্রচারণাকে গুরুত্ব দেওয়ার কোনো অবকাশ নেই।

প্রসঙ্গত, ১৯৯২ সালে ভারতের সঙ্গে ইসরায়েলের পূর্ণ কূটনৈতিক সম্পর্ক স্থাপনের পর ২০১৭ সালে মোদীই ছিলেন প্রথম ভারতীয় প্রধানমন্ত্রী যিনি দেশটি সফর করেন। সম্প্রতি ‘এপস্টেইন ফাইলস ট্রান্সপারেন্সি অ্যাক্ট’ এর আওতায় যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ ৩০ লাখের বেশি পৃষ্ঠার নতু1ন নথি ও বিপুল পরিমাণ ভিডিও ছবি প্রকাশ করে। সেখানে জেফ্রি এপস্টেইনের এক ই-মেইলে দাবি করা হয়, তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে খুশি করতে এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক মজবুত করার কৌশল হিসেবে মোদী এপস্টেইনের পরামর্শ নিয়েছিলেন। এপস্টেইনের ওই মেইলে আরও দাবি করা হয়, মোদী তার কথা শুনেই ইসরায়েল সফরে গিয়ে নাচগানে অংশ নেন।

নয়াদিল্লি এই পুরো বিষয়টিকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ও মিথ্যাচার হিসেবে অভিহিত করেছে। যৌন অপরাধ ও মানবপাচারের অভিযোগে অভিযুক্ত জেফ্রি এপস্টেইন ২০১৯ সালে নিউইয়র্কের কারাগারে বন্দি অবস্থায় আত্মহত্যা করেন। দীর্ঘ আইনি প্রক্রিয়ার পর তার সঙ্গে প্রভাবশালীদের যোগসূত্র নিয়ে এই চাঞ্চল্যকর নথিগুলো জনসমক্ষে আনা হচ্ছে।

‘আন্তর্জাতিক’ : আরও খবর

সম্প্রতি