বেলুচিস্তান প্রদেশের বেশ কয়েকটি শহরে পাকিস্তানের নিরাপত্তা বাহিনীর সঙ্গে লড়াইয়ে অন্তত ৯২ জন সন্দেহভাজন বিচ্ছিন্নতাবাদী নিহত হয়েছে বলে দাবি করেছে দেশটির সামরিক বাহিনী। গতকাল শনিবার স্থানীয় সময় ভোররাত ৩টার দিকে প্রাদেশিক রাজধানী কোয়েটাসহ বেলুচিস্তানের আরও অন্তত আটটি জেলায় ‘সমন্বিতভাবে’ হামলা চালায় জাতিগত বেলুচ বিচ্ছিন্নতাবাদীরা। তারা কোয়েটার বেশ কয়েকটি পুলিশ স্টেশনে একযোগে হামলা চালায়। তাদের এসব হামলায় প্রাথমিকভাবে অন্তত আট পুলিশ সদস্য নিহত হন।
পরে এক বিবৃতিতে পাকিস্তান সামরিক বাহিনী জানায়, বিচ্ছিন্নতাবাদীরা বেশ কয়েকটি এলাকায় নারী ও শিশুসহ অন্তত ১৮ জনকে হত্যা করে। তাদের বিরুদ্ধে অভিযান চালাতে গিয়ে নিরাপত্তা বাহিনীর ১৫ সদস্য নিহত হন। একদিন আগে শুক্রবার পাকিস্তান সামরিক বাহিনী জানিয়েছিল, তারা বেলুচিস্তানে চালানো দুটি পৃথক অভিযানে ৪১ জন বিচ্ছিন্নতাবাদীকে হত্যা করেছে।
আফগানিস্তান ও ইরানের সীমান্তবর্তী খনি সমৃদ্ধ প্রদেশ বেলুচিস্তানে কয়েক দশক ধরে চলা একটি বিচ্ছিন্নতাবাদী তৎপরতা দমনে লড়াই করে আসছে পাকিস্তান। প্রদেশটিতে বিদ্রোহীরা রাষ্ট্রীয় বাহিনী, বিদেশি নাগরিক ও স্থানীয় নন এমন লোকজনের ওপর আক্রমণ চালিয়ে আসছে।
রয়টার্সের খবরে বলা হয়েছে, প্রদেশটির সবচেয়ে সক্রিয় বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী নিষিদ্ধ ঘোষিত বেলুচিস্তান লিবারেশন আর্মি (বিএলএ) শনিবারের হামলাগুলোর দায় স্বীকার করেছে। এক বিবৃতিতে বিএলএ জানিয়েছে, তারা প্রদেশজুড়ে একযোগে বন্দুক ও আত্মঘাতী বোমা হামলা চালানোকালে সামরিক স্থাপনা, পুলিশ ও বেসামরিক প্রশাসনের কর্মকর্তাদের লক্ষ্যস্থল করেছে।
বিএলএ দাবি করেছে, তারা অন্তত ১৫ ঘণ্টা ধরে চলা অভিযানে পাকিস্তানের নিরাপত্তা বাহিনীর ৮৪ সদস্যকে হত্যা করেছে।
পাকিস্তান সামরিক বাহিনীর গণমাধ্যম শাখা আইএসপিআর জানিয়েছে, বিচ্ছিন্নতাবাদীরা কোয়েটা, মাসতুং, নোশকি, গোয়াদর, ডালবানদিন, খারান, পাঞ্জগুর, টুম্প ও পাসনি জেলাজুড়ে হামলা চালিয়েছে। প্রতিবেশী ভারত এসব বিচ্ছিন্নতাবাদীদের সমর্থন দিচ্ছে বলে অভিযোগ করেছে তারা।
ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা আতাউর রেহমান জানান, গোয়াদরে বিচ্ছিন্নতাবাদীরা অন্য প্রদেশ থেকে আসা শ্রমিকদের একটি ক্যাম্পে হামলা চালিয়ে ১১ জনকে হত্যা করে। নিহতদের মধ্যে পাঁচজন পুরুষ, তিনজন নারী ও তিনজন শিশু। তিনি জানান, হামলা প্রতিহত করতে গিয়ে নিরাপত্তা বাহিনী ছয় বিচ্ছিন্নতাবাদীকে হত্যা করে।
কর্মকর্তারা জানিয়েছেন, বিচ্ছিন্নতাবাদীরা নোশকির জেলা প্রশাসককে অপহরণ করার পর সেখানকার পরিস্থিতি সঙ্কটজনক হয়ে আছে। জেলা প্রশাসক বিচ্ছিন্নতাবাদীদের হেফাজতে আছেন।
কর্তৃপক্ষ জানিয়েছে, সশস্ত্র ব্যক্তিরা কিছু সময়ের জন্য কোয়েটার বিভিন্ন অংশের সড়ক বন্ধ করে রেখেছিল, ওই সময় উচ্চ নিরাপত্তায় ঢাকা কিছু এলাকায়ও বিস্ফোরণের শব্দ শোনা যায়। পরে কর্তৃপক্ষ জানায়, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ হলেও সেগুলো কাজে না লাগানোয় পাকিস্তানের সবচেয়ে বড় প্রদেশ বেলুচিস্তান সবচেয়ে দরিদ্র প্রদেশ হয়ে আছে।
অর্থ-বাণিজ্য: কর্মবিরতির দ্বিতীয় দিন, অচলাবস্থা চট্টগ্রাম বন্দরে
অর্থ-বাণিজ্য: তিন দিনব্যাপী লাইট ইঞ্জিনিয়ারিং এক্সপো শুরু
অর্থ-বাণিজ্য: শেষ হলো বাণিজ্য মেলা, রপ্তানি আদেশ এলো ২২৪ কোটি টাকার
অর্থ-বাণিজ্য: দুর্বল ব্যাংকগুলোকে টাকা দেয়ার বিষয়ে সতর্ক করেছে আইএমএফ
অর্থ-বাণিজ্য: বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য চুক্তি ৯ ফেব্রুয়ারি
বিজ্ঞান ও প্রযুক্তি: রেমিট্যান্স সেবা সহজ করতে নগদ ও শাহ্জালাল ইসলামী ব্যাংকের চুক্তি
বিজ্ঞান ও প্রযুক্তি: বিএসসিএলের স্টারলিংক সেবার সেলস এজেন্ট হলো বি-ট্র্যাক সল্যুশনস