বিশ্বে আলোচনার কেন্দ্রবিন্দুতে বেশ কয়েকদিন ধরেই রয়েছে এপস্টেইন ফাইল। সম্প্রতি যৌন অপরাধী এপস্টিন এর সাথে সম্পর্কিত লাখ লাখ নতুন ফাইল প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ। এর মাধ্যমে সরকারের দিক থেকে এ বিষয়ে সবচেয়ে বড় সংখ্যায় নথি প্রকাশ করা হলো। আন্তর্জাতিক গণমাধ্যমগুলো এমনটাই বলছে।
জানা যায়, এপস্টেন সম্পর্কিত প্রায় ত্রিশ লাখ পাতা, ১ লাখ ৮০ হাজার ছবি এবং ২ হাজার ভিডিও প্রকাশিত হয়েছে।
ফাইলটিতে অপরাধচক্রের সাথে জড়িত বিশ্বের সবচেয়ে প্রভাবশালী রাজনীতিবিদ, রাজপরিবারের সদস্য এবং ধনকুবেরদের নাম রয়েছে। পর্দার আড়ালে এলিট সমাজ কতটা ভয়াবহ কর্মকাণ্ডে লিপ্ত থাকতে পারে সে ধারনাই পাওয়া যায় এই নথি থেকে।
এপস্টেইন ফাইলের তালিকায় থাকা বড় বড় নামগুলো
এই নথিতে নাম আসা ব্যক্তিদের সবাই অপরাধী না হলেও, তাদের সংশ্লিষ্টতা জনমনে প্রশ্নের জন্ম দিয়েছে।
সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটন এবং বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
ব্রিটিশ রাজপরিবারের প্রিন্স অ্যান্ড্রু।
প্রযুক্তি খাতের বিল গেটস এবং ইলন মাস্কের মতো ব্যক্তিদের সঙ্গে ই-মেইল বা সাক্ষাতের প্রসঙ্গ।
হলিউড ও বিনোদন জগতের নামিদামি সব তারকা।
কেন্দ্রবিন্দুতে রয়েছে বাংলাদেশও
এপস্টেইন ফাইলে বাংলাদেশের সম্পৃক্ততাও পাওয়া গেছে। অবশ্য এটি ছিলো বিস্ময়করভাবে বিস্তৃত।
হাসিনার নাম
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামও পাওয়া গেছে বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো। একটি ই-মেইলে বলা হয়, একটি বৈঠকের সময়সূচি পিছিয়ে দেওয়া হয়েছে। কারণ নরওয়ের সাবেক প্রধানমন্ত্রী তখন বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে রাত ৮টায় বৈঠকে ছিলেন।
আরেক নথিতে দেখা যায়, এপস্টিইন বিকাশ নিয়ে একটি নিবন্ধ পড়েন। তিনি জলবায়ু পরিবর্তন সংক্রান্ত বহু প্রবন্ধও সংগ্রহ করতেন।
আশ্চর্যের বিষয় হলো, একজন নরওয়েজিয়ান কূটনীতিক এপস্টেইনকে নিয়মিত বিভিন্ন প্রবন্ধ পাঠাতেন। সেগুলোর মধ্যে অন্যান্য বিষয়ের পাশাপাশি বাংলাদেশের রাজনৈতিক খবরও থাকত।
আইসিডিডিআরবির সম্পৃক্ততা
এই ফাইলে পাওয়া একাটি ই-মেইলে বাংলাদেশের আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন গবেষণাপ্রতিষ্ঠান আইসিডিডিআরবি নামও উঠে এসেছে। ই-মেইলে আইসিডিডিআরবি’কে বাংলাদেশে একটি ‘অতি সুপরিচিত প্রতিষ্ঠান’ হিসেবে উল্লেখ করা হয় এবং এই প্রতিষ্ঠানে দীর্ঘমেয়াদী প্রোবায়োটিক গবেষণায় বিনিয়োগের প্রস্তাবের কথা বলা হয়েছে।
ওই ই-মেইলের বিষয় ‘আন্ত্রিক জীবাণুবিদ্যা-আইসিডিডিআরবি’ ছিল বলে প্রকাশিত নথির বরাতে জানা গেছে। ২০১৪ সালের ১৭ এপ্রিল ই-মেইলটি কুখ্যাত মার্কিন ধনকুবের জেফরি এপস্টেইনকে তার এক ঘনিষ্ঠ সহযোগীর পক্ষ থেকে পাঠানো হয়।
ই-মেইলে উল্লেখ করা হয়, বাংলাদেশে আইসিডিডিআরবিকে কেন্দ্র করে একটি সরকারি-বেসরকারি অংশীদারত্বে গবেষণা উদ্যোগ গড়ে তোলা যেতে পারে। এই প্রতিষ্ঠানে তুলনামূলক কম বিনিয়োগে ভবিষ্যতে উৎপাদিত যেকোনো প্রোবায়োটিক বা সংশ্লিষ্ট পণ্যের মুনাফা থেকে ৩ শতাংশ নিশ্চিত লাভ পাওয়ার সুযোগ থাকবে বলে ই-মেইলে বলা হয়েছে।
এ ছাড়া আইসিডিডিআরবি একটি দাতব্য প্রতিষ্ঠানের মর্যাদাপ্রাপ্ত হওয়ায় যুক্তরাষ্ট্রের ৫০১(সি)(৩) কাঠামোর আওতায় এ ধরনের বিনিয়োগ কর ছাড়ের সুবিধাও পেতে পারে বলে ই-মেইলে বলা হয়েছে।
ব্র্যাক প্রসঙ্গ
একটি ইমেইলে উল্লেখ আছে, ব্র্যাক থেকে একজন ডকুমেন্টারিয়ান নিয়োগের কথা। তাকে টিকাদান প্রকল্প নিয়ে গবেষণার জন্য নেওয়া হচ্ছিল।
বিভিন্ন ব্যক্তি কাছ থেকে এপস্টেইন নিয়মিত অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত মানুষের বিষয়ে তথ্য পেতেন। ক্লাইমেট মাইগ্র্যান্টস বা জলবায়ুজনিত বাস্তুচ্যুত মানুষ তাঁর ও তার সহযোগীদের ব্র্যাকের সঙ্গে কাজের প্রাসঙ্গিক বিষয় হওয়ায়, সেই সূত্রে বাংলাদেশ প্রসঙ্গটি বারবার উঠে আসত।
আছে ব্যবসায়ী আবদুল আউয়াল মিন্টুর নাম
একটি কেবল টিভির বিল বা ইনভয়েস পাওয়া গেছে, যেখানে গ্রাহকের পরিচয় গোপন (রেডাক্টেড) করা রয়েছে। যদি সেটি এপস্টেইনেরই হয়ে থাকে, তাহলে বোঝা যায় তিনি বাংলাদেশি অথবা বাংলা ভাষার টেলিভিশন চ্যানেলের জন্য অর্থ পরিশোধ করছিলেন। এছঅড়া একটি নথিতে নিউ মেক্সিকোর সাবেক গভর্নর বিল রিচার্ডসনকে অর্থদাতাদের তালিকায় বাংলাদেশের ব্যবসায়ী ও রাজনীতিক আবদুল আউয়াল মিন্টুর নাম পাওয়া গেছে। নথি অনুযায়ী, আবদুল আউয়াল মিন্টু ২০০৬ সালে বিল রিচার্ডসনের নির্বাচনী প্রচারণায় ৫ হাজার মার্কিন ডলার অনুদান দেন।
তবে মিন্টু ও এপস্টেইনের মধ্যে কোনো সরাসরি যোগাযোগের প্রমাণ পাওয়া যায়নি।
উল্লেখ্য, এই নথিগুলোর মধ্যে মূলত জেফরি এপস্টেইনের কারাগারের থাকার সময়ের বিস্তারিত তথ্য যার মধ্যে তার মানসিক স্বাস্থ্য বিষয়ক রিপোর্ট ও জেলে থাকার সময়ে মৃত্যুর তথ্য আছে। এছাড়া এপস্টিনের সহযোগী গিসলেন ম্যাক্সওয়েলের বিরুদ্ধে তদন্তের নথিও আছে এর মধ্যে। ম্যাক্সওয়েলকে অপ্রাপ্তবয়স্ক মেয়েদের পাচারে এপস্টেইনকে সাহায্য করার অপরাধে দোষী সাব্যস্ত করা হয়েছিল। এছাড়া, প্রকাশিত নথিপত্রের মধ্যে এপস্টেইন ও বিভিন্ন প্রভাবশালী ব্যক্তির মধ্যে আদান-প্রদান করা ই-মেইলও রয়েছে।
অর্থ-বাণিজ্য: স্বর্ণের ভরিতে বাড়ল ৫৪২৪ টাকা
অর্থ-বাণিজ্য: স্বর্ণের ভরিতে বাড়ল ৫৪২৪ টাকা
জাতীয়: আজ পবিত্র শবেবরাত
জাতীয়: ৪.১ মাত্রার ভূমিকম্প অনুভূত