image

ইরানে বিক্ষোভে অংশ নেয়ার অভিযোগে ১৩৯ বিদেশি গ্রেপ্তার

সংবাদ অনলাইন রিপোর্ট

সরকারবিরোধী বিক্ষোভে অংশ নেওয়ার অভিযোগে ইরানের মধ্যাঞ্চলীয় ইয়াজদ প্রদেশে অন্তত ১৩৯ জন বিদেশি নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে। তবে ওই বিদেশিরা কোন দেশের নাগরিক, সেই বিষয়ে কোনও তথ্য পাওয়া যায়নি। গত মঙ্গলবার ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজ এজেন্সির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। ইরানের ইয়াজদ প্রদেশ মরু অঞ্চলে অবস্থিত। ওই প্রদেশের জনসংখ্যা অন্যান্য অঞ্চলের তুলনায় কম। ইয়াজদে ১০ লাখের বেশি মানুষের বসবাস রয়েছে। গত জানুয়ারিতে ইরানজুড়ে সরকারবিরোধী যে বিক্ষোভ ছড়িয়ে পড়ে, তা অন্যান্য প্রদেশের মতো ইয়াজদেও দেখা যায়।

গত ডিসেম্বরে অর্থনৈতিক সংকটের প্রতিবাদে শুরু হওয়া ওই বিক্ষোভ দ্রুত রাজনৈতিক সহিংসতায় রূপ নেয়। ১৯৭৯ সালের ইসলামি বিপ্লবের পর এটিই ছিল ইরানের সবচেয়ে সহিংস বিক্ষোভ। দেশটির সরকার বলেছে, সাম্প্রতিক বিক্ষোভ-সহিংসতায় ৩ হাজার ১১৭ জন নিহত হয়েছেন। তবে আন্তর্জাতিক বিভিন্ন মানবাধিকার সংস্থা বলছে, নিহতের সংখ্যা আরও অনেক বেশি। যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংস্থা এইচআরএএনএ বলেছে, ইরানে বিক্ষোভে এখন পর্যন্ত প্রায় ৫০ হাজার মানুষকে গ্রেপ্তার করা হয়েছে। সাম্প্রতিক ওই বিক্ষোভ-সহিংসতা উসকে দেওয়ার জন্য ইসরায়েল ও যুক্তরাষ্ট্রকে দায়ী করছে ইরান। ইয়াজদের পুলিশপ্রধান আহমাদ নেগাহবান বলেছেন, ‘‘এই (বিদেশি) ব্যক্তিরা দাঙ্গামূলক কর্মকা- সংগঠিত করা, উসকানি দেওয়া ও পরিচালনায় সক্রিয় ভূমিকা রেখেছেন।

‘আন্তর্জাতিক’ : আরও খবর

সম্প্রতি