image

নতুন ব্যবস্থায় শুরু হলো ভারতীয় ভিসার অ্যাপয়েন্টমেন্ট

সংবাদ অনলাইন রিপোর্ট

ভারতীয় ভিসা দিতে এবার অ্যাপয়েন্টমেন্ট ব্যবস্থায় পরিবর্তন আনা হয়েছে। নতুন এই নিয়মে পরের দিনের অ্যাপয়েন্টমেন্ট আগের দিন সন্ধ্যা ৬টা থেকে মিলবে। তবে সেক্ষেত্রে সাইনআপ করে ডকুমেন্ট আপলোড করতে হবে বিকেল সাড়ে ৫টার মধ্যেই।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) নতুন এই নিয়মে অ্যাপয়েন্টমেন্ট ইস্যু শুরু করেছে ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার আইভ্যাক।  এজন্য বেলা ১২টায় সাইনআপ খোলা হয়েছে। তবে অ্যাপয়েন্টমেন্ট স্লটগুলির বুকিং খুলবে সন্ধ্যা ৬টায়। প্রথমদিনে বুক করা যাবে ৮ ফেব্রুয়ারির অ্যাপয়েন্টমেন্ট স্লট।

এর আগে দেওয়া এক নোটিশে আইভ্যাক নতুন অ্যাপয়েন্টমেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম চালুর ঘোষণা দিয়েছিল। নোটিশে নতুন সিস্টেমের লিংকটি অফিসিয়াল আইভিএসি ওয়েবসাইটে পাওয়ার কথাও বলা হয়। যেখানে ৮ ফেব্রুয়ারি থেকে পরের দিনগুলোর জন্য সব অ্যাপয়েন্টমেন্ট স্লট নতুন নিয়মে বুক করা যাবে।

সফলভাবে অ্যাপয়েন্টমেন্ট বুক করার জন্য আইভ্যাকের নির্দেশিকাগুলো সাবধানতার সঙ্গে অনুসরণ করতে বলা হয়েছে।সাইন-আপ প্রক্রিয়া সম্পন্ন করার পাশাপাশি সন্ধ্যা ৬টায় অ্যাপয়েন্টমেন্ট স্লট বুক করতে বিকেল সাড়ে ৫টার আগে প্রয়োজনীয় ওয়েব ফাইলগুলো আপলোড করার পরামর্শ দেওয়া হয়েছে।

সাইনআপ শেষে মোবাইল নম্বর ও পাসওয়ার্ড দিয়ে লগইন করলে ওটিপি পাঠানো হবে। সেটা দিয়ে ঢুকলে অ্যাপয়েন্টমেন্ট পাতা চলে আসবে। সেখানে প্রথমে ডকুমেন্টগুলো আপলোড করতে হবে। ডকুমেন্টগুলো থেকে স্বয়ংক্রিয়ভাবে তথ্য সিস্টেমে যুক্ত হবে। আপলোডের পর অ্যাপয়েন্টমেন্ট স্লট খোলা পর্যন্ত অপেক্ষা করতে হবে।

সন্ধ্যা ৬টায় অ্যাপয়েন্টমেন্ট স্লট চালু হলে পুনরায় লগইন করতে হবে। লগইন করার পর স্বয়ংক্রিয়ভাবে পরবর্তী দিনের জন্য নির্বাচিত অ্যাপয়েন্টমেন্ট স্লট দেখাবে। সেটি পরিবর্তন করতে চাইলে একবার বদলানোর সুযোগ রাখা হয়েছে। অ্যাপয়েন্টমেন্ট বুক হওয়ার পর ভিসা অনুযায়ী ফি পেমেন্ট করতে হবে।

‘আন্তর্জাতিক’ : আরও খবর

সম্প্রতি