বাংলাদেশিদের জন্য ভারতীয় ভিসা সেবায় সীমিত পরিসরে আবারও অ্যাপয়েন্টমেন্ট চালু করা হয়েছে। ঢাকাসহ পাঁচটি ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার (আইভ্যাক) থেকে জরুরি ও বিশেষ প্রয়োজনের ক্ষেত্রে সীমিত সংখ্যক অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হচ্ছে বলে জানিয়েছে ভারতীয় হাইকমিশন। তারা জানিয়েছে, এই সেবা আপাতত সীমিত থাকবে ও আইভ্যাকের স্বাভাবিক কার্যক্রম পুরোপুরি চালু না হওয়া পর্যন্ত এই ব্যবস্থাই বহাল থাকবে।
আইভ্যাক ওয়েবসাইটে ঝুলানো একাধিক নোটিশে জানানো হয়েছে, ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, সিলেট ও খুলনায় অবস্থিত আইভ্যাকগুলোতে শুধুমাত্র জরুরি চিকিৎসা ভিসা ও অন্য দেশে যাওয়ার জরুরি প্রয়োজন রয়েছে—এমন শিক্ষার্থী ও কর্মীদের জন্য সীমিত অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হচ্ছে। তবে এসব আবেদনকারীর ক্ষেত্রে শর্ত হচ্ছে, তাদের অবশ্যই ভারতের কোনো দূতাবাসে তৃতীয় দেশের ভিসার জন্য আগে থেকেই নির্ধারিত অ্যাপয়েন্টমেন্ট থাকতে হবে।
চিকিৎসা ভিসা সংক্রান্ত নোটিশে স্পষ্ট করে বলা হয়েছে, যেসব আবেদনকারীর মেডিকেল ভিসা ইস্যু করা হয়েছে, তারা শুধুমাত্র যে হাসপাতালের নাম ভিসায় উল্লেখ আছে, সেই হাসপাতালেই চিকিৎসা নিতে পারবেন। হাসপাতাল পরিবর্তনের প্রয়োজন হলে অবশ্যই ভারতের ফরেনারস রিজিওনাল রেজিস্ট্রেশন অফিস (এফআরআরও)-এর অনুমোদন নিতে হবে। অনুমতি ছাড়া হাসপাতাল পরিবর্তন করলে সেটিকে ভিসা বিধি লঙ্ঘন হিসেবে গণ্য করা হবে। ভবিষ্যতে ভারতে প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ হতে পারে।
একই সঙ্গে ভারতীয় হাইকমিশন ভিসা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে প্রতারণা ও দালালচক্র সম্পর্কে কঠোর সতর্কবার্তা দিয়েছে। নোটিশে বলা হয়েছে, কিছু অসাধু ব্যক্তি নিজেদের ভারতীয় হাইকমিশনের কর্মকর্তা বা প্রতিনিধি পরিচয় দিয়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট নিশ্চিত করার নামে অর্থ আদায় করছে, যা সম্পূর্ণ প্রতারণা। হাইকমিশন স্পষ্ট করেছে, ঢাকার ভারতীয় হাইকমিশন বা চট্টগ্রাম, রাজশাহী, খুলনা ও সিলেটের সহকারী হাইকমিশন থেকে কেউই ব্যক্তিগত ফোনকল, সামাজিক যোগাযোগমাধ্যম বা তৃতীয় পক্ষের মাধ্যমে আবেদনকারীদের সঙ্গে যোগাযোগ করে না। একইভাবে, ভিসা অ্যাপয়েন্টমেন্ট বা দ্রুত ভিসা পাওয়ার জন্য কোনো অতিরিক্ত অর্থ নেওয়া হয় না।
অ্যাপয়েন্টমেন্ট ব্যবস্থায় নতুন নিয়ম
ভারতীয় ভিসা দিতে এবার অ্যাপয়েন্টমেন্ট ব্যবস্থায় পরিবর্তন আনা হয়েছে। নতুন এই নিয়মে পরের দিনের অ্যাপয়েন্টমেন্ট আগের দিন সন্ধ্যা ৬টা থেকে মিলবে। তবে সেক্ষেত্রে সাইনআপ করে ডকুমেন্ট আপলোড করতে হবে বিকেল সাড়ে ৫টার মধ্যেই। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) নতুন এই নিয়মে অ্যাপয়েন্টমেন্ট ইস্যু শুরু করেছে আইভ্যাক। এজন্য বেলা ১২টায় সাইনআপ খোলা হয়েছে। তবে অ্যাপয়েন্টমেন্ট স্লটগুলির বুকিং খুলবে সন্ধ্যা ৬টায়। প্রথমদিনে বুক করা যাবে ৮ ফেব্রুয়ারির অ্যাপয়েন্টমেন্ট স্লট।
এর আগে দেওয়া এক নোটিশে আইভ্যাক নতুন অ্যাপয়েন্টমেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম চালুর ঘোষণা দিয়েছিল। নোটিশে নতুন সিস্টেমের লিংকটি অফিসিয়াল আইভিএসি ওয়েবসাইটে পাওয়ার কথাও বলা হয়। যেখানে ৮ ফেব্রুয়ারি থেকে পরের দিনগুলোর জন্য সব অ্যাপয়েন্টমেন্ট স্লট নতুন নিয়মে বুক করা যাবে।
সফলভাবে অ্যাপয়েন্টমেন্ট বুক করার জন্য আইভ্যাকের নির্দেশিকাগুলো সাবধানতার সঙ্গে অনুসরণ করতে বলা হয়েছে।সাইন-আপ প্রক্রিয়া সম্পন্ন করার পাশাপাশি সন্ধ্যা ৬টায় অ্যাপয়েন্টমেন্ট স্লট বুক করতে বিকেল সাড়ে ৫টার আগে প্রয়োজনীয় ওয়েব ফাইলগুলো আপলোড করার পরামর্শ দেওয়া হয়েছে।
সাইনআপ শেষে মোবাইল নম্বর ও পাসওয়ার্ড দিয়ে লগইন করলে ওটিপি পাঠানো হবে। সেটা দিয়ে ঢুকলে অ্যাপয়েন্টমেন্ট পাতা চলে আসবে। সেখানে প্রথমে ডকুমেন্টগুলো আপলোড করতে হবে। ডকুমেন্টগুলো থেকে স্বয়ংক্রিয়ভাবে তথ্য সিস্টেমে যুক্ত হবে। আপলোডের পর অ্যাপয়েন্টমেন্ট স্লট খোলা পর্যন্ত অপেক্ষা করতে হবে।
সন্ধ্যা ৬টায় অ্যাপয়েন্টমেন্ট স্লট চালু হলে পুনরায় লগইন করতে হবে। লগইন করার পর স্বয়ংক্রিয়ভাবে পরবর্তী দিনের জন্য নির্বাচিত অ্যাপয়েন্টমেন্ট স্লট দেখাবে। সেটি পরিবর্তন করতে চাইলে একবার বদলানোর সুযোগ রাখা হয়েছে। অ্যাপয়েন্টমেন্ট বুক হওয়ার পর ভিসা অনুযায়ী ফি পেমেন্ট করতে হবে।