image
ছবিঃ সংগৃহীত

ভেনেজুয়েলায় মাদুরোর ঘনিষ্ঠ সহযোগী গ্রেপ্তার

বিদেশী সংবাদ মাধ্যম

ভেনেজুয়েলার সাবেক ব্যবসায়ী ও সরকারি কর্মকর্তা অ্যালেক্স সাবকে দেশটিতে গ্রেফতার করা হয়েছে বলে দাবি করেছে যুক্তরাষ্ট্র। গতকাল বুধবার মার্কিন ও ভেনেজুয়েলার আইনশৃঙ্খলা বাহিনীর যৌথ অভিযানে তাকে আটক করার কথা বলেছেন যুক্তরাষ্ট্রের একজন আইনপ্রয়োগকারী সংস্থার কর্মকর্তা। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। যুক্তরাষ্ট্রের ওই কর্মকর্তা বলেন, অ্যালেক্স সাবকে আগামী কয়েক দিনের মধ্যে যুক্তরাষ্ট্রে প্রত্যর্পণ করা হতে পারে। তিনি জানান, ভেনেজুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্ট দেলসি রদ্রিগেজের সরকারের অধীনে যুক্তরাষ্ট্র ও ভেনেজুয়েলার মধ্যে আইনশৃঙ্খলা সংক্রান্ত সহযোগিতা নতুন মাত্রা পেয়েছে।

কলম্বিয়ায় জন্ম নেওয়া ৫৪ বছর বয়সী অ্যালেক্স সাব ভেনেজুয়েলার সাবেক প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত। তিনি ২০২০ সালে কেপ ভার্দেতে গ্রেফতার হন এবং ঘুষের অভিযোগে যুক্তরাষ্ট্রে তিন বছরের বেশি সময় আটক ছিলেন। পরে ভেনেজুয়েলায় আটক থাকা মার্কিন নাগরিকদের মুক্তির বিনিময়ে ২০২৩ সালে তাকে ক্ষমা দেওয়া হয়।

সাবের গ্রেফতারের খবর অস্বীকার করেছেন তার আইনজীবী লুইজি জুলিয়ানো। কলম্বিয়ার পত্রিকা এল এসপেক্তাদোর-কে তিনি বলেন, এটি ভুয়া খবর। ভেনেজুয়েলা সরকারের ঘনিষ্ঠ কয়েকজন সাংবাদিকও সামাজিক যোগাযোগমাধ্যমে গ্রেফতারের তথ্য অস্বীকার করেছেন।

ভেনেজুয়েলার শীর্ষ আইনপ্রণেতা হোর্হে রদ্রিগেজ এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত বা অস্বীকার কোনোটিই করেননি। তিনি জানান, এ বিষয়ে তার কাছে কোনো তথ্য নেই। এ ছাড়া একই অভিযানে ভেনেজুয়েলার বেসরকারি টেলিভিশন চ্যানেল গ্লোবোভিশন-এর প্রধান রাউল গোরিনকেও গ্রেফতার করা হয়েছে বলে দাবি করেছে যুক্তরাষ্ট্র। তবে এ বিষয়ে সংশ্লিষ্টদের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনও মন্তব্য পাওয়া যায়নি।

২০২৩ সালে ক্ষমা পাওয়ার আগে যুক্তরাষ্ট্র সাবের বিরুদ্ধে অভিযোগ তোলে যে, রাষ্ট্রনিয়ন্ত্রিত মুদ্রা বিনিময় ব্যবস্থার সঙ্গে যুক্ত একটি ঘুষ কেলেঙ্কারির মাধ্যমে তিনি প্রায় ৩৫ কোটি ডলার ভেনেজুয়েলা থেকে পাচার করেন। এসব অভিযোগ তিনি বরাবরই অস্বীকার করে আসছেন।

‘আন্তর্জাতিক’ : আরও খবর

সম্প্রতি