image

ইসলামাবাদে শিয়া মসজিদে আইএসের আত্মঘাতী হামলা: নিহত ৩১, আহত ১৬৯

সংবাদ অনলাইন রিপোর্ট

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে একটি শিয়া মসজিদে জুমার নামাজের সময় ভয়াবহ আত্মঘাতী বোমা হামলার ঘটনা ঘটেছে। এই নৃশংস হামলায় এখন পর্যন্ত অন্তত ৩১ জন নিহত এবং ১৬৯ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) এই হামলার দায় স্বীকার করেছে।

২০০৮ সালে ইসলামাবাদের পাঁচ তারকা ম্যারিয়ট হোটেলে ভয়াবহ বোমা হামলার পর এটিই শহরটির ইতিহাসে সবচেয়ে প্রাণঘাতী হামলা হিসেবে বিবেচনা করা হচ্ছে।

যেভাবে ঘটলো এই হামলা

নগরের কর্মকর্তাদের তথ্যমতে, ইসলামাবাদের উপকণ্ঠে তারলাই এলাকায় অবস্থিত ‘ইমাম বারগাহ কাসর-ই-খাদিজাতুল কুবরা’ মসজিদে গতকাল শুক্রবার জুমার নামাজ চলাকালীন এই বিস্ফোরণ ঘটে। মসজিদটি স্থানীয় শিয়া সম্প্রদায়ের প্রধান উপাসনালয় হিসেবে পরিচিত।

নিরাপত্তা সূত্র এবং প্রত্যক্ষদর্শীরা জানান, হামলাকারী যখন মসজিদের মূল ফটকে পৌঁছান, তখন সেখানে নিয়োজিত স্বেচ্ছাসেবক নিরাপত্তাকর্মীরা তাঁকে বাধা দেওয়ার চেষ্টা করেন। এ সময় হামলাকারীর সঙ্গে নিরাপত্তাকর্মীদের গোলাগুলি শুরু হয়। আত্মঘাতী হামলাকারী মসজিদের ভেতরে যাওয়ার চেষ্টা করলে আহত স্বেচ্ছাসেবকরা তাঁকে লক্ষ্য করে গুলি চালান। হামলাকারীর ঊরুতে গুলি লাগলেও তিনি নিজেকে উড়িয়ে দিতে সক্ষম হন।

আইএসের দায় স্বীকার ও প্রতিক্রিয়া বিশ্বব্যাপী জঙ্গিগোষ্ঠীর অনলাইন তৎপরতা পর্যবেক্ষণকারী ‘সাইট ইন্টেলিজেন্স গ্রুপ’ জানিয়েছে, আইএসের একজন যোদ্ধা বিস্ফোরক বোঝাই জ্যাকেট (ভেস্ট) পরে এই হামলা চালিয়েছেন। হামলার পরপরই আইএস আনুষ্ঠানিকভাবে এই ঘটনার দায় স্বীকার করে।

পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এই কাপুরুষোচিত হামলার তীব্র নিন্দা জানিয়েছেন। তিনি ঘোষণা দিয়েছেন, এই হামলার পেছনে যারা জড়িত তাদের খুঁজে বের করে দ্রুততম সময়ের মধ্যে বিচারের আওতায় আনা হবে।

সাম্প্রদায়িক সহিংসতার শঙ্কা

২৪ কোটি ১০ লাখ জনসংখ্যার পাকিস্তানে সুন্নি মুসলিমরা সংখ্যাগরিষ্ঠ হলেও শিয়া সম্প্রদায় সংখ্যালঘু। এর আগেও তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) ও অন্যান্য কট্টরপন্থী গোষ্ঠীগুলো শিয়া সম্প্রদায়ের ওপর একাধিক হামলা চালিয়েছে। ইসলামাবাদের এই সর্বশেষ হামলা পাকিস্তানে আবারও সাম্প্রদায়িক সহিংসতার শঙ্কা বাড়িয়ে দিয়েছে।

হাসপাতাল সূত্রে জানা গেছে, আহত অনেকের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।

‘আন্তর্জাতিক’ : আরও খবর

সম্প্রতি