ভারতের লোকসভায় বাংলাদেশ পরিস্থিতি এবং দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে আলোচনা হয়েছে। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সংসদের নিম্নকক্ষে বাংলাদেশের সঙ্গে বর্তমান সম্পর্ক, পাকিস্তান ও চীনের প্রভাব এবং সংখ্যালঘু সুরক্ষা নিয়ে একাধিক প্রশ্নের লিখিত উত্তর দেন দেশটির পররাষ্ট্র প্রতিমন্ত্রী কীর্তি বর্ধন সিং।
সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, অধিবেশনে বাংলাদেশে ভারতের জাতীয় স্বার্থ রক্ষা এবং প্রতিবেশী দেশগুলোর ক্রমবর্ধমান জোট নিয়ে ভারতের অবস্থান পরিষ্কার করা হয়েছে।
অধিবেশনে প্রশ্ন করা হয়, বাংলাদেশ ও ভারতের মধ্যে বর্তমানে কোনো ‘স্পর্শকাতর’ সম্পর্ক চলছে কি না এবং পাকিস্তান এই পরিস্থিতির সুযোগ নিচ্ছে কি না। জবাবে কীর্তি বর্ধন সিং বলেন, “প্রতিবেশী দেশ হিসেবে ভারত ও বাংলাদেশের মধ্যে অত্যন্ত গভীর ঐতিহাসিক, ভৌগোলিক ও সাংস্কৃতিক সম্পর্ক রয়েছে। আমাদের দ্বিপাক্ষিক সম্পর্কের মূল লক্ষ্য জনকল্যাণমুখী উন্নয়ন। বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক অন্য দেশগুলোর প্রভাব থেকে সম্পূর্ণ স্বাধীন।” তিনি আরও জানান, দুই দেশের বিদ্যমান প্রাতিষ্ঠানিক কাঠামোর আওতায় নিয়মিত বৈঠক ও মতবিনিময় অব্যাহত রয়েছে।
সংখ্যালঘু সুরক্ষা নিয়ে সরব নয়াদিল্লি
বাংলাদেশে সংখ্যালঘু, বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তা নিয়ে করা এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, “ভারত ধারাবাহিকভাবে বাংলাদেশ সরকারের কাছে সংখ্যালঘু সম্প্রদায়ের সুরক্ষা নিশ্চিত করার বিষয়টি সর্বোচ্চ পর্যায়ে উত্থাপন করে আসছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নিজে এই বিষয়টি তুলেছেন। এমনকি গত বছরের ১৬ ফেব্রুয়ারি বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বৈঠকে ভারতের পররাষ্ট্রমন্ত্রীও বিষয়টি নিয়ে আলোচনা করেছেন।”
ভারত, পাকিস্তান ও চীনের মধ্যে ক্রমবর্ধমান জোট এবং এর ফলে ভারতের অর্থনৈতিক ও নিরাপত্তা হুমকির বিষয়েও সরকারের দৃষ্টি আকর্ষণ করা হয়। জবাবে প্রতিমন্ত্রী জানান, ভারতের প্রতিবেশী দেশগুলোর গতিবিধির ওপর সরকার সার্বক্ষণিক নজর রাখছে।
তিনি বলেন, “ভারতের নিরাপত্তা ও অর্থনৈতিক স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হচ্ছে। আমাদের ‘সবার আগে প্রতিবেশী’ নীতি অনুযায়ী নিয়মিত কূটনৈতিক আলোচনা, বাণিজ্য এবং যাতায়াত ব্যবস্থার উন্নয়নের মাধ্যমে আমরা সম্পর্ক বজায় রাখছি।” ভারতের নিজস্ব নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি এই অঞ্চলে শান্তি ও সমৃদ্ধি বজায় রাখতে ভারত সরকার দৃঢ়প্রতিজ্ঞ বলে তিনি উল্লেখ করেন।
সূত্র: এনডিটিভি
অর্থ-বাণিজ্য: স্বর্ণের বাজারের অস্থিরতা চলমান: একদিন পরই আবারও বাড়ন্ত