image

কর্মী ছাঁটাইয়ের জেরে তোপের মুখে ওয়াশিংটন পোস্টের সিইও-র পদত্যাগ

সংবাদ অনলাইন রিপোর্ট

যুক্তরাষ্ট্রের প্রভাবশালী ও ঐতিহ্যবাহী সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্টের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ও প্রকাশক উইল লুইস পদত্যাগ করেছেন। বড় ধরনের কর্মী ছাঁটাইয়ের ঘোষণার পর পাঠক ও সংবাদকর্মীদের তীব্র ক্ষোভের মুখে পড়ে তিনি অবিলম্বে সরে দাঁড়ানোর ঘোষণা দেন।

গত বুধবার (৪ ফেব্রুয়ারি) ওয়াশিংটন পোস্ট কর্তৃপক্ষ তাদের প্রতিষ্ঠানের প্রায় এক-তৃতীয়াংশ কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দেয়। আমাজনের প্রতিষ্ঠাতা ও ধনকুবের জেফ বেজোসের মালিকানাধীন এই সংবাদপত্রে এমন গণ-ছাঁটাইয়ের খবর ছড়িয়ে পড়লে চারদিকে সমালোচনার ঝড় ওঠে। বিশেষ করে সংবাদমাধ্যমটির নিউজরুমের প্রায় ৩০০ সাংবাদিক এই সিদ্ধান্তের ফলে চাকরি হারাতে পারেন বলে জানিয়েছে ‘ওয়াশিংটন-বাল্টিমোর গিল্ড ইউনিয়ন’।

দুই বছরের সংক্ষিপ্ত মেয়াদে উইল লুইসের ব্যবস্থাপনা গ্রাহক ও সংবাদকর্মী উভয় মহলেই ব্যাপক সমালোচিত হয়েছে। প্রতিষ্ঠানের আর্থিক ক্ষতি কাটিয়ে উঠতে তিনি যেসব পদক্ষেপ নিয়েছিলেন, তা শুরু থেকেই ছিল বিতর্কিত। সহকর্মীদের কাছে পাঠানো এক মেইলে লুইস বলেন, "সরে দাঁড়ানোর জন্য এটাই আমার জন্য উপযুক্ত সময়।"

উইল লুইসের স্থলাভিষিক্ত হচ্ছেন জেফ ডি’ওনোফ্রিও। তিনি জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম টাম্বলারের সাবেক সিইও। গত বছর তিনি চিফ ফিন্যান্সিয়াল অফিসার (সিএফও) হিসেবে ওয়াশিংটন পোস্টে যোগ দিয়েছিলেন। তার এই নিয়োগ অবিলম্বে কার্যকর হবে বলে নিশ্চিত করেছে কর্তৃপক্ষ।

রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, ব্যয় সংকোচনের অংশ হিসেবে ওয়াশিংটন পোস্ট তাদের কলেবর ছোট করে আনছে। এর ফলে:

•স্পোর্টস অ্যান্ড বুকস: এই ডেস্কের একটি বড় অংশ বন্ধ করে দেওয়া হয়েছে।

•বিদেশি সংবাদ: আন্তর্জাতিক সংবাদ কাভারেজের পরিধি কমিয়ে আনা হয়েছে।

•পডকাস্ট: সংবাদমাধ্যমটির জনপ্রিয় দৈনিক পডকাস্ট ‘পোস্ট রিপোর্টার্স’ বন্ধ করে দেওয়া হয়েছে।

দীর্ঘদিন ধরে ব্যবসায়িক মন্দার মধ্য দিয়ে যাওয়া যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যমগুলোতে এই ছাঁটাইয়ের ঘটনা নতুন করে অস্থিরতা তৈরি করেছে।

‘আন্তর্জাতিক’ : আরও খবর

সম্প্রতি