image

‘সন্ত্রাসবাদে কোনো আপস নয়’: মালয়েশিয়া সফরে মোদির হুঙ্কার

সংবাদ অনলাইন রিপোর্ট

সন্ত্রাসবাদ মোকাবিলায় ভারতের অবস্থান অত্যন্ত কঠোর ও স্পষ্ট বলে সাফ জানিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রোববার (৮ ফেব্রুয়ারি, ২০২৬) মালয়েশিয়া সফরকালে এক ভাষণে তিনি বলেন, সন্ত্রাসবাদের প্রশ্নে কোনো ধরনের অস্পষ্টতা বা দ্বিমুখী মানদণ্ড গ্রহণ করা হবে না।

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সাথে পুত্রজায়ায় এক ফলপ্রসূ বৈঠকের পর যৌথ সংবাদ সম্মেলনে মোদি এই জোরালো বার্তা দেন। দুই দেশের মধ্যে প্রতিরক্ষা, নিরাপত্তা, সেমিকন্ডাক্টর এবং বাণিজ্যের মতো গুরুত্বপূর্ণ খাতে সহযোগিতা আরও গভীর করার জন্য একাধিক উদ্যোগ নেওয়া হয়েছে।

প্রধানমন্ত্রী মোদি বলেন, "আমরা প্রতিরক্ষা সহযোগিতাকে আরও ব্যাপক করে তুলব। এছাড়া এআই, ডিজিটাল প্রযুক্তি, স্বাস্থ্য এবং খাদ্য নিরাপত্তার পাশাপাশি সেমিকন্ডাক্টর শিল্পে আমরা একে অপরের অংশীদার হিসেবে কাজ করব।"

ভারত ও মালয়েশিয়ার সম্পর্ককে বিশেষ হিসেবে বর্ণনা করে নরেন্দ্র মোদি বলেন, "আমরা সমুদ্র প্রতিবেশী। শতাব্দীর পর শতাব্দী ধরে আমাদের জনগণের মধ্যে গভীর ও স্নেহপূর্ণ সম্পর্ক বিদ্যমান। মালয়েশিয়ায় বিশ্বের দ্বিতীয় বৃহত্তম ভারতীয় বংশোদ্ভূত জনগোষ্ঠী বসবাস করছে, যা আমাদের সভ্যতা ও গণতান্ত্রিক মূল্যবোধের যোগসূত্রকে আরও শক্তিশালী করে।"

এর আগে শনিবার (৭ ফেব্রুয়ারি) কুয়ালালামপুরে পৌঁছালে প্রধানমন্ত্রী মোদিকে লাল গালিচা সংবর্ধনা দেওয়া হয়। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম ব্যক্তিগতভাবে বিমানবন্দরে তাকে স্বাগত জানান। রোববার সকালে পেরদানা পুত্রাতেও তাকে আনুষ্ঠানিক গার্ড অব অনার প্রদান করা হয়।

উল্লেখ্য, দুই দেশের শীর্ষ নেতার এই বৈঠকে দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে এক নতুন যুগের সূচনা হবে বলে মনে করছেন কূটনৈতিক বিশ্লেষকরা।

সূত্র: হিন্দুস্তান টাইমস

‘আন্তর্জাতিক’ : আরও খবর

সম্প্রতি