image

ম্যান্ডেলসন–কাণ্ডে পদত্যাগের চাপে ব্রিটিশ প্রধানমন্ত্রী

সংবাদ অনলাইন রিপোর্ট

সাবেক মন্ত্রী লর্ড পিটার ম্যান্ডেলসনকে ঘিরে তৈরি হওয়া বিতর্কে বড় ধরনের রাজনৈতিক সংকটে পড়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। বিতর্কিত এই রাজনীতিককে কেন্দ্র করে সৃষ্ট ঝড়ে এখন খোদ প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবি উঠেছে। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে, স্টারমারের অত্যন্ত ঘনিষ্ঠ দুই শীর্ষ কর্মকর্তা গত দুদিনে পদত্যাগ করেছেন।

যুক্তরাজ্যের প্রভাবশালী রাজনীতিক লর্ড ম্যান্ডেলসনের সাথে সাজাপ্রাপ্ত যৌন অপরাধী জেফরি এপস্টিনের ঘনিষ্ঠ সম্পর্কের তথ্য ফাঁস হওয়ার পর থেকেই বিতর্কের শুরু। এমন একজন বিতর্কিত ব্যক্তিকে ২০২৪ সালের শেষ দিকে যুক্তরাষ্ট্রে যুক্তরাজ্যের রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দিয়েছিলেন স্টারমার। যদিও গত সেপ্টেম্বরে তাকে বরখাস্ত করা হয়, তবে বিতর্ক থামেনি। গত সপ্তাহে ম্যান্ডেলসন লেবার পার্টি ও হাউস অব লর্ডস থেকে পদত্যাগ করলেও স্টারমারের ওপর চাপ কমেনি।

স্টারমারের জন্য সবচেয়ে বড় ধাক্কাটি এসেছে স্কটিশ লেবার পার্টির পক্ষ থেকে। দলের নেতা আনাস সারোয়ার সরাসরি প্রধানমন্ত্রীর পদত্যাগ দাবি করে বলেছেন: লেবার সরকার অনেক ভালো কাজ করলেও এই বিতর্কের কারণে সেগুলো আড়ালে পড়ে যাচ্ছে। ডাউনিং স্ট্রিটের নেতৃত্বে পরিবর্তন আসা এখন সময়ের দাবি।

ম্যান্ডেলসনকে নিয়োগ দেওয়ার ভুল পরামর্শের দায় নিয়ে গত দুদিনে প্রধানমন্ত্রীর দুই প্রধান সহযোগী মরগান ম্যাকসুইনি ও টিম অ্যালান পদত্যাগ করেছেন।

এত চাপের মুখেও পদত্যাগ করবেন না বলে সাফ জানিয়ে দিয়েছেন কিয়ার স্টারমার। ডাউনিং স্ট্রিটের কর্মীদের উদ্দেশে তিনি বলেন, রাজনীতি যে জনকল্যাণের শক্তি হতে পারে, তা আমাদের প্রমাণ করতে হবে। আমরা আত্মবিশ্বাসের সাথে দেশ পরিবর্তনের কাজ চালিয়ে যাব।

চ্যান্সেলর র‍্যাচেল রিভস, উপ-প্রধানমন্ত্রী ডেভিড ল্যামি এবং অ্যাঞ্জেলা রেনার প্রধানমন্ত্রীর প্রতি তাদের পূর্ণ সমর্থন ব্যক্ত করেছেন। তবে বিরোধী দল কনজারভেটিভ পার্টির নেতা কেমি ব্যাডেনক দাবি করেছেন, স্টারমার সরকার পরিচালনার নিয়ন্ত্রণ হারিয়েছেন এবং প্রয়োজনে নতুন নির্বাচনের দাবি তুলেছেন তিনি।

লর্ড ম্যান্ডেলসনকে দেওয়া সরকারি অর্থের বিষয়টি বর্তমানে পর্যালোচনা করছে ব্রিটিশ পররাষ্ট্র দপ্তর। পরিস্থিতি সামাল দিতে এবং দলীয় এমপিদের ক্ষোভ প্রশমিত করতে আজ মঙ্গলবার বিকেলে ব্রিটিশ পার্লামেন্টে ভাষণ দিতে পারেন প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার।

‘আন্তর্জাতিক’ : আরও খবর

সম্প্রতি