প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষিত কোয়ারেন্টাইন বা কঠোর নিষেধাজ্ঞা অমান্য করায় ভারত মহাসাগরে একটি বিশাল তেলবাহী ট্যাংকার জাহাজ জব্দ করেছে মার্কিন নৌবাহিনী। অ্যাকুইলা ২ নামের এই জাহাজটি ভেনেজুয়েলা থেকে তেল নিয়ে চীনের দিকে যাচ্ছিল।
সোমবার (৯ ফেব্রুয়ারি) যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক বার্তায় এই অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রতিরক্ষামন্ত্রী হেগসেথ জানান, ক্যারিবিয়ান সাগর থেকেই অ্যাকুইলা ২-কে অনুসরণ করছিল মার্কিন নৌবাহিনী। সোমবার রাতে ভারত মহাসাগর অঞ্চলে বিশেষ অভিযান চালিয়ে জাহাজটি নিয়ন্ত্রণে নেওয়া হয়।
তিনি কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেন: প্রেসিডেন্ট ট্রাম্প ভেনেজুয়েলার ট্যাংকারগুলোকে কোয়ারেন্টাইন বা অবরুদ্ধ থাকার নির্দেশ দিয়েছিলেন। অ্যাকুইলা সেই নির্দেশ অমান্য করে এগিয়ে যাচ্ছিল। আমাদের প্রতিরক্ষা বাহিনী যেকোনো পথেই হোক আপনাদের খুঁজে বের করবে। আমাদের ছাড়িয়ে যাওয়ার অনেক আগেই আপনাদের জ্বালানি ফুরিয়ে যাবে।
ফরাসি বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, অ্যাকুইলা ২ একটি সুয়েজম্যাক্স ক্যাটাগরির জাহাজ, যা বিশ্বের অন্যতম বৃহত্তম আকৃতির ট্যাংকার। জব্দ করার সময় জাহাজটিতে ৭ লাখ ব্যারেল অপরিশোধিত তেল ছিল। জাহাজটি একটি বড় বহরের নেতৃত্বে ছিল। মার্কিন বাহিনীর অভিযানের পর বহরের বাকি জাহাজগুলো আবারও ভেনেজুয়েলার দিকে ফিরে গেছে।
প্রতিরক্ষামন্ত্রী হেগসেথ তার পোস্টে আরও স্পষ্ট করেন যে, যারা মার্কিন শক্তিকে তাচ্ছিল্য করে এবং আন্তর্জাতিক জলসীমায় অধিকারের অপব্যবহার করে, তাদের প্রতি মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয় কোনো নমনীয়তা দেখাবে না। তিনি এই অভিযানকে ন্যায়বিচার হিসেবেও উল্লেখ করেন।
আন্তর্জাতিক: ফিলিস্তিন রাষ্ট্রকে চিরতরে নস্যাৎ করতে চায় ইসরায়েল
আন্তর্জাতিক: লিবিয়া উপকূলে নৌকাডুবি: ৫৩ অভিবাসীর সলিল সমাধি
আন্তর্জাতিক: ইসরায়েলকে কড়া বার্তা দিল হোয়াইট হাউস
নগর-মহানগর: ঢাকার বায়ু আজও অস্বাস্থ্যকর