ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের পরিবেশকে ইতিবাচক ও আশাব্যঞ্জক হিসেবে উল্লেখ করেছেন ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষণ মিশনের (ইইউ ইওএম) প্রধান পর্যবেক্ষক ইভারস ইহাবস। তিনি বলেছেন, ‘এখন পর্যন্ত যে পরিস্থিতি দেখা যাচ্ছে, তা দেশের গণতান্ত্রিক প্রক্রিয়ার জন্য একটি গুরুত্বপূর্ণ নতুন অধ্যায়ের ইঙ্গিত দিচ্ছে।’
আজ মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। ভোটগ্রহণ পর্যবেক্ষণের জন্য সারা দেশে স্বল্পমেয়াদি পর্যবেক্ষক পাঠানোর আগে এই ব্রিফিংয়ের আয়োজন করা হয়।
ইভারস ইহাবস জানান, নির্বাচন উপলক্ষে তারা প্রার্থী, ভোটার ও বিভিন্ন অঞ্চলের সরকারি কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছেন। এসব আলোচনার ভিত্তিতে তাদের মূল্যায়ন হচ্ছে, সাধারণ নির্বাচনী পরিবেশ ইতিবাচক। যাদের সঙ্গে তারা মতবিনিময় করেছেন, তাদের অনেকেই মনে করছেন, এবারের নির্বাচন বাংলাদেশের ইতিহাস ও গণতন্ত্রে একটি নতুন দৃষ্টান্ত স্থাপন করতে পারে।
ইইউ ইওএম প্রধান বলেন, এবারের নির্বাচনে ইউরোপীয় ইউনিয়ন তাদের সবচেয়ে বড় পর্যবেক্ষণ মিশন বাংলাদেশে পাঠিয়েছে। এই মিশনে দুই শতাধিক পর্যবেক্ষক রয়েছেন। জানুয়ারির শুরু থেকেই অন্তত ৬০ জন দীর্ঘমেয়াদি পর্যবেক্ষক মাঠপর্যায়ে কাজ করছেন। এ ছাড়া ইউরোপীয় পার্লামেন্টের সাত সদস্যের একটি প্রতিনিধি দলও ঢাকায় অবস্থান করছে। পাশাপাশি নরওয়ে, সুইজারল্যান্ড ও কানাডার পর্যবেক্ষকরাও এই প্রক্রিয়ায় যুক্ত রয়েছেন।
ইইউ পর্যবেক্ষক প্রধান আরও জানান, স্বল্পমেয়াদি পর্যবেক্ষকরা ভোটগ্রহণ ও ভোট গণনা প্রক্রিয়া নিবিড়ভাবে পর্যবেক্ষণ করবেন। তাদের লক্ষ্য একটি বিশ্বাসযোগ্য, অংশগ্রহণমূলক ও স্বচ্ছ নির্বাচন প্রত্যক্ষ করা।
সহিংসতা নিয়ে প্রশ্নের জবাবে ইভারস ইহাবস বলেন, পরিস্থিতি তারা নজরে রাখছেন। তবে এ বিষয়ে এখনই কোনো চূড়ান্ত মন্তব্য করা সমীচীন নয়। আগামী ১৪ ফেব্রুয়ারি প্রকাশিতব্য অন্তর্বর্তীকালীন প্রতিবেদনে বিষয়টি অন্তর্ভুক্ত থাকবে। নির্বাচনের প্রায় দুই মাস পর প্রকাশ করা হবে চূড়ান্ত প্রতিবেদন।
সামাজিক যোগাযোগমাধ্যমে অপতথ্য ছড়ানোর প্রসঙ্গে ইভারস ইহাবস বলেন, এটি শুধু বাংলাদেশের নয়, বিশ্বের বহু গণতন্ত্রের জন্যই একটি উদ্বেগের বিষয়। ইইউর চূড়ান্ত প্রতিবেদনে এই বিষয়টি গুরুত্ব দিয়ে তুলে ধরা হবে।
এ ছাড়া সংখ্যালঘু সম্প্রদায় ও নারীদের অংশগ্রহণ নিয়ে প্রশ্নের জবাবে ইইউ পর্যবেক্ষক প্রধান বলেন, একটি সত্যিকার অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য সব শ্রেণি-পেশা ও সম্প্রদায়ের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
জাতীয়: ভোটের অপেক্ষায় দেশ
সারাদেশ: ভোট নয়, যেন ঈদের আনন্দ
আন্তর্জাতিক: ভোটের পরিবেশ আশাব্যঞ্জক, বললেন ইইউ পর্যবেক্ষক প্রধান
সারাদেশ: দুই বাসের সংঘর্ষে নিহত ২