যুক্তরাষ্ট্রের তোলা গোপন পারমাণবিক পরীক্ষার অভিযোগকে ভিত্তিহীন ও পুরোপুরি মিথ্যা বলে প্রত্যাখ্যান করেছে চীন। বেইজিংয়ের দাবি, ওয়াশিংটন নিজেরা পরীক্ষা শুরু করার অজুহাত খুঁজতেই এসব অভিযোগ তুলছে। ফরাসি বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।
গত শুক্রবার জেনেভায় জাতিসংঘের নিরস্ত্রীকরণ সম্মেলনে যুক্তরাষ্ট্রের অস্ত্র নিয়ন্ত্রণ বিষয়ক আন্ডার সেক্রেটারি অব স্টেট থমাস ডিনানো চীনের বিরুদ্ধে এই বিস্ফোরক অভিযোগ তোলেন। তিনি দাবি করেন, চীন ২০২০ সালের ২২ জুন একটিসহ বেশ কিছু গোপন পারমাণবিক বিস্ফোরণ ঘটিয়েছে এবং আরও বড় পরিসরে পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে।
এএফপিকে দেওয়া এক বিবৃতিতে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় সোমবার জানিয়েছে, যুক্তরাষ্ট্রের এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন এবং ডাহা মিথ্যা। পারমাণবিক পরীক্ষা পুনরায় শুরু করার জন্য যুক্তরাষ্ট্রের এই অজুহাত তৈরির প্রচেষ্টার তীব্র বিরোধিতা করছে চীন।
বিবৃতিতে চীন যুক্তরাষ্ট্রকে তাদের এমন ‘দায়িত্বজ্ঞানহীন কর্মকাণ্ড’ অবিলম্বে বন্ধ করার আহ্বান জানিয়েছে। এর আগে গত অক্টোবরে মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প জানিয়েছিলেন, ওয়াশিংটন রাশিয়া ও চীনের সঙ্গে সমানতালে পারমাণবিক অস্ত্রের পরীক্ষা শুরু করবে। তবে তিনি ঠিক কী ধরনের পরীক্ষার কথা বলছেন, সে বিষয়ে বিস্তারিত কোনও ব্যাখ্যা দেননি।
ডিনানোর এই মন্তব্য এমন এক সময়ে এলো যখন তিনি রাশিয়া ও চীনের সঙ্গে পারমাণবিক অস্ত্রের সীমাবদ্ধতা নিয়ে একটি ত্রিপক্ষীয় আলোচনার নতুন পরিকল্পনা পেশ করছেন। গত বৃহস্পতিবার বিশ্বের দুই শীর্ষ পারমাণবিক শক্তি যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে থাকা সর্বশেষ চুক্তি নিউ স্টার্ট-এর মেয়াদ শেষ হয়েছে। তবে চীন এই পর্যায়ে কোনও ধরনের নিরস্ত্রীকরণ আলোচনায় যোগ দেওয়ার প্রস্তাব এরই মধ্যে প্রত্যাখ্যান করেছে।