image

বাংলাদেশের নির্বাচন ঘিরে সীমান্তে কড়াকড়ি: পশ্চিমবঙ্গে ব্যাপক তল্লাশি

সংবাদ অনলাইন রিপোর্ট

বাংলাদেশে আগামীকাল ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সীমান্ত এলাকায় সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করছে ভারত। বিশেষ করে পশ্চিমবঙ্গ লাগোয়া সীমান্তগুলোতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ও স্থানীয় পুলিশ প্রশাসন।

উত্তর ২৪ পরগনায় পুলিশের চিরুনি অভিযান

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকাল থেকেই পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার স্বরূপনগর ব্লকের বিভিন্ন সীমান্তবর্তী এলাকায় ব্যাপক তল্লাশি শুরু করেছে রাজ্য পুলিশ। বসিরহাট পুলিশ জেলার উদ্যোগে স্বরূপনগর থানার পুলিশ বিশেষ করে তেঁতুলিয়া ব্রিজ এলাকায় কড়াকড়ি বাড়িয়েছে। এছাড়া সীমান্তে যাওয়ার প্রতিটি সংযোগ সড়ক ও অপরাধপ্রবণ এলাকাগুলোতে রাত-দিন টহল ও তল্লাশি চালানো হচ্ছে।

সন্দেহভাজনদের নথিপত্র যাচাই

সীমান্তের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে যাওয়ার পথে লবঙ্গ মোড়ে পুলিশি চেকপোস্ট বসানো হয়েছে। সেখানে প্রতিটি ছোট-বড় গাড়ি থামিয়ে চালক ও যাত্রীদের নথিপত্র পুঙ্খানুপুঙ্খভাবে খতিয়ে দেখা হচ্ছে। কেবল রাস্তাঘাট নয়, সীমান্তবর্তী এলাকার আবাসিক হোটেলগুলোতেও বিশেষ অভিযান চালাচ্ছে বসিরহাট মহকুমা পুলিশ।

কেন এই সতর্কতা?

ভারতীয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, বাংলাদেশে নির্বাচনের সময় সীমান্ত দিয়ে যাতে কোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ বা অপ্রীতিকর ঘটনা না ঘটে, তা নিশ্চিত করতেই এই বাড়তি নিরাপত্তা। মূলত সীমান্ত পরিস্থিতি স্থিতিশীল রাখা এবং সম্ভাব্য নাশকতা ঠেকাতেই এই চিরুনি অভিযান চালানো হচ্ছে।

‘আন্তর্জাতিক’ : আরও খবর

সম্প্রতি