image

নির্বাচনে নারীদের নিরাপদ অংশগ্রহণ নিশ্চিতের আহ্বান জাতিসংঘের

সংবাদ অনলাইন রিপোর্ট

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে নারীদের নিরাপদ, অন্তর্ভুক্তিমূলক ও অর্থবহ অংশগ্রহণ নিশ্চিত করার আহ্বান জানিয়েছে বাংলাদেশে জাতিসংঘ কার্যালয়। বুধবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে নিজেদের ভেরিফায়েড ফেসবুক পেজে

এক বার্তায় জাতিসংঘ নির্বাচন ঘিরে নারী প্রার্থী ও ভোটারদের বিরুদ্ধে সহিংসতা ও অনলাইন হয়রানির আশঙ্কার প্রেক্ষাপটে এই বার্তা দিয়েছে।

জাতিসংঘ বলেছে, নির্বাচনী প্রক্রিয়ায় অংশ নেওয়া সবারই মৌলিক অধিকার। এর মধ্যে নারী ও কিশোরী, বিশেষ করে প্রতিবন্ধী নারী, সংখ্যালঘু সম্প্রদায়ের নারী, ভিন্ন লিঙ্গ পরিচয়ের ব্যক্তি এবং লিঙ্গভিত্তিক সহিংসতার ঝুঁকিতে থাকা জনগোষ্ঠীর অধিকার সমানভাবে অন্তর্ভুক্ত।

জাতিসংঘ বলেছে, নারীদের অর্থবহ প্রতিনিধিত্ব ও নেতৃত্ব নিশ্চিত করতে তারা দীর্ঘদিন ধরে কাজ করছ। নির্বাচনে নারীর অংশগ্রহণ বাড়াতে নির্বাচন কমিশনকে সহায়তা করছে। নারীসহ সব ভোটার যেন ভয়ভীতি, বৈষম্য, অনলাইন আক্রমণ বা প্রতিশোধের আশঙ্কা ছাড়াই ভোট দিতে ও প্রার্থী হতে পারেন, তা নিশ্চিত করা অত্যন্ত জরুরি।

বার্তায় উল্লেখ করা হয়, নির্বাচনকে ঘিরে নারী সংগঠন ও নাগরিক সমাজের পক্ষ থেকে সহিংসতা, হয়রানি ও অনলাইন নির্যাতন নিয়ে যে উদ্বেগ জানানো হয়েছে, সে বিষয়ে জাতিসংঘ অবগত। বিশেষ করে নারী রাজনৈতিক কর্মী, সাংবাদিক ও মানবাধিকারকর্মীদের বিরুদ্ধে সাইবার বুলিং, ডিপফেক, কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে বিকৃত বা যৌন ইঙ্গিতপূর্ণ কনটেন্ট ছড়িয়ে দেওয়ার ঘটনা বাড়ছে বলে জানানো হয়।

এ প্রেক্ষাপটে রাজনৈতিক নেতা, দল ও তাদের সমর্থকদের প্রতি আহ্বান জানিয়েছে জাতিসংঘ। বলেছে, নির্বাচনী প্রক্রিয়ায় নারীর প্রতি কোনো ধরনের সহিংসতা, হয়রানি বা ভয় প্রদর্শন গ্রহণযোগ্য নয়। অন্তর্ভুক্তিমূলক গণতন্ত্র নিশ্চিত করতে নারী প্রার্থী ও ভোটারদের নিরাপত্তা ও সক্রিয় অংশগ্রহণ অপরিহার্য। বাংলাদেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নিরাপত্তা ও আইনের শাসন বজায় রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে—এমন প্রত্যাশা জাতিসংঘের।

‘আন্তর্জাতিক’ : আরও খবর

সম্প্রতি