ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি নেতৃত্বাধীন জোটের বিপুল বিজয়ে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও বাংলাদেশের জনগণকে উষ্ণ অভিনন্দন জানিয়েছেন ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।
শুক্রবার দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) দেওয়া এক বার্তায় তিনি এই শুভেচ্ছা জানান। বিশেষ এই বার্তায় তারেক রহমানকে “ভাই” সম্বোধন করে তিনি বাংলাদেশের মানুষের প্রতি শুভকামনা ব্যক্ত করেছেন।
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তার পোস্টে লিখছেন, বাংলাদেশের সকল ভাইবোন ও সাধারণ জনগণকে জানাই আমার আন্তরিক শুভনন্দন এবং আগাম রমজান মোবারক। এই নির্বাচনে বিপুল জয়ের জন্য আমার “তারেক ভাই”, তার রাজনৈতিক দল বিএনপি এবং অন্যান্য বিজয়ী দলগুলোকে অভিনন্দন জানাচ্ছি।
তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, বাংলাদেশের মানুষ ভালো থাকুক এবং সবসময় সুখী থাকুক।
প্রতিবেশী দুই দেশের সম্পর্কের বিষয়ে গুরুত্বারোপ করে মমতা ব্যানার্জি আরও উল্লেখ করেন, আমাদের সঙ্গে বাংলাদেশের সুসম্পর্ক সবসময় বজায় থাকবে এটাই আমরা একান্তভাবে কামনা করি।
উল্লেখ্য, সদ্য সমাপ্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি ও সমমনা জোট ২১২টি আসনে জয়লাভ করে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে।
নগর-মহানগর: গাজীপুর-৩ আসনে জয়ী বিএনপির রফিকুল ইসলাম বাচ্চু
আন্তর্জাতিক: গাজার প্রায় ৯০ শতাংশ স্কুল ক্ষতিগ্রস্ত: জাতিসংঘ