বাংলাদেশের ১৩তম জাতীয় সংসদ নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিএনপির বিজয় লাভের পর প্রতিক্রিয়া জানিয়েছে চীন। বেইজিং জানিয়েছে, বাংলাদেশের নবনির্বাচিত সরকারের সঙ্গে অংশীদারত্বকে আরও শক্তিশালী করতে এবং দ্বিপাক্ষিক সম্পর্ক এগিয়ে নিতে তারা প্রতিশ্রুতিবদ্ধ।
বাংলাদেশের ১৩তম জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয় অর্জন করায় বিএনপিকে উষ্ণ অভিনন্দনও জানিয়েছে চীন। শুক্রবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এই প্রতিক্রিয়া জানানো হয়।
নির্বাচন পরবর্তী পরিস্থিতি নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, বাংলাদেশে একটি স্থিতিশীল ও সুষ্ঠু সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে বিজয়ী হওয়ায় তিনি বিএনপিকে অভিনন্দন জানান।
মুখপাত্র আরও উল্লেখ করেন, বাংলাদেশের একনিষ্ঠ বন্ধু এবং প্রতিবেশী রাষ্ট্র হিসেবে চীন সবসময়ই বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনৈতিক অগ্রযাত্রাকে সমর্থন করে আসছে।
চীনের পক্ষ থেকে জানানো হয়েছে, দুই দেশের দীর্ঘদিনের পরীক্ষিত বন্ধুত্বকে নতুন উচ্চতায় নিয়ে যেতে বেইজিং বদ্ধপরিকর। বিশেষ করে উচ্চমানসম্পন্ন “বেল্ট অ্যান্ড রোড” উদ্যোগের অধীনে সহযোগিতা আরও গভীর করা এবং বিভিন্ন ক্ষেত্রে ব্যবহারিক অংশীদারত্ব বাড়ানোর বিষয়ে জোর দিয়েছে চীন। বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে কৌশলগত সহযোগিতামূলক সম্পর্ককে আরও সুদৃঢ় করতে চীন প্রস্তুত রয়েছে বলেও মুখপাত্র তার বক্তব্যে পুনর্ব্যক্ত করেন।