ইরানের চলমান রাজনৈতিক অস্থিরতা ও পারমাণবিক কর্মসূচি নিয়ে উত্তেজনার পারদ চড়িয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, দেশটিতে সরকার পরিবর্তন হওয়াকেই তিনি সবচেয়ে ভালো উপায় বলে মনে করছেন। ইরানের ওপর সামরিক চাপ বাড়াতে মধ্যপ্রাচ্যে দ্বিতীয় বিমানবাহী রণতরি পাঠানোর ঘোষণার পরপরই তিনি এমন মন্তব্য করলেন।
ট্রাম্পের প্রকাশ্য আহ্বান
গতকাল শুক্রবার উত্তর ক্যারোলাইনার ফোর্ট ব্র্যাগ সামরিক ঘাঁটিতে সাংবাদিকদের মুখোমুখি হন ডোনাল্ড ট্রাম্প। সেখানে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি সরাসরি বলেন, ইরানে সরকার পরিবর্তন হওয়াটাই সম্ভবত সবচেয়ে ভালো সমাধান হবে। বিশ্লেষকরা মনে করছেন, ইরানের বর্তমান ধর্মীয় শাসকগোষ্ঠীকে উৎখাত করার বিষয়ে এটিই এখন পর্যন্ত ট্রাম্পের সবচেয়ে স্পষ্ট ও প্রকাশ্য আহ্বান।
মধ্যপ্রাচ্যের পথে বিশ্বের বৃহত্তম যুদ্ধজাহাজ
হোয়াইট হাউসে দেওয়া এক বক্তব্যে ট্রাম্প জানান, ইরানের ওপর চাপ সৃষ্টি করতে বিশ্বের বৃহত্তম যুদ্ধজাহাজ ইউএসএস জেরাল্ড আর ফোর্ড খুব শিগগির মধ্যপ্রাচ্যের উদ্দেশে রওনা দেবে। বর্তমানে জাহাজটি ভেনেজুয়েলা উপকূলে অবস্থান করছে। ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেন, আমরা যদি (পারমাণবিক) কোনো চুক্তিতে আসতে না পারি, তবে আমাদের এই সামরিক শক্তির প্রয়োজন পড়বে। উল্লেখ্য, মধ্যপ্রাচ্যে ইতিমধ্যে মার্কিন রণতরি ইউএসএস আব্রাহাম লিংকন অবস্থান করছে।
খামেনির উত্তরসূরি নিয়ে রহস্য
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জায়গায় তিনি কাকে দেখতে চান—এমন প্রশ্নের জবাবে ট্রাম্প সুনির্দিষ্ট কোনো নাম না নিলেও রহস্য বজায় রেখে বলেন, এমন মানুষ (বিকল্প) আছেন। এর আগে সরকার পরিবর্তনের ফলে বিশৃঙ্খলা হতে পারে বলে ট্রাম্প কিছুটা সতর্ক অবস্থান নিলেও সাম্প্রতিক বিক্ষোভ দমনে ইরান সরকারের কঠোর অবস্থানের পর তিনি আবারও হার্ডলাইনে ফিরেছেন।
রেজা পাহলভির মানবিক হস্তক্ষেপের দাবি
এদিকে ইরানে সরকারবিরোধী বিক্ষোভ দমনে ব্যাপক প্রাণহানির ঘটনায় আন্তর্জাতিক হস্তক্ষেপের দাবি জানিয়েছেন নির্বাসিত শাহজাদা রেজা পাহলভি। মিউনিখ নিরাপত্তা সম্মেলনে তিনি বলেন, নিরীহ মানুষের প্রাণ বাঁচাতে এবং আন্দোলনকে বেগবান করতে বিশ্ব সম্প্রদায়ের এগিয়ে আসা উচিত। মানবাধিকার সংগঠনগুলোর দাবি অনুযায়ী, সাম্প্রতিক বিক্ষোভে দেশটিতে কয়েক হাজার মানুষ নিহত হয়েছেন।
কূটনৈতিক অচলাবস্থা
১৯৭৯ সালের ইসলামি বিপ্লবের পর থেকে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে কোনো আনুষ্ঠানিক কূটনৈতিক সম্পর্ক নেই। যদিও গত সপ্তাহে ওমানে পারমাণবিক ইস্যু নিয়ে দেশ দুটির মধ্যে একটি গোপন বৈঠক অনুষ্ঠিত হয়েছে, তবে পরবর্তী আলোচনার কোনো দিনক্ষণ এখনো চূড়ান্ত হয়নি। পশ্চিমারা ইরানের বিরুদ্ধে পারমাণবিক বোমা তৈরির চেষ্টার অভিযোগ আনলেও তেহরান বরাবরই তা অস্বীকার করে আসছে।
সারাদেশ: রাজধানীতে গাড়ির ধাক্কায় যুবক নিহত