নাইজেরিয়ার উত্তরাঞ্চলে সশস্ত্র হামলায় অন্তত ৩২ জন নিহত হয়েছেন বলে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন।
মোটরসাইকেলে করে আসা বন্দুকধারীরা শনিবার নাইজার অঙ্গরাজ্যের বোরগু এলাকার তিনটি গ্রামে হামলা চালিয়ে কয়েকজনকে অপহরণ করে এবং ঘরবাড়িতে আগুন দেয়।
কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।
নাইজার অঙ্গরাজ্যের পুলিশ মুখপাত্র ওয়াসিউ আবিওদুন জানান, সন্দেহভাজন দস্যুরা টুঙ্গা-মাকেরি গ্রামে হামলা চালিয়ে ছয়জনকে হত্যা করে। পরে তারা কনকোসো গ্রামে গিয়ে নির্বিচারে গুলি চালায় এবং পুলিশ স্টেশনে আগুন দেয়। স্থানীয় বাসিন্দাদের ভাষ্য অনুযায়ী, সেখানে অন্তত ২৬ জন নিহত হয়েছেন। বার্তা সংস্থা এএফপি এক মানবাধিকার সংস্থার বরাতে মৃতের সংখ্যা আরও বেশি হতে পারে বলে জানিয়েছে।
বাসিন্দারা জানিয়েছেন, হামলার সময় এলাকায় কার্যত কোনো নিরাপত্তা বাহিনীর উপস্থিতি ছিল না। হামলাকারীরা পরে পিসা গ্রামেও আক্রমণ চালিয়ে একটি পুলিশ স্টেশনে আগুন দেয় এবং একজনকে হত্যা করে। বর্তমানে অনেক মানুষ নিখোঁজ রয়েছে।
নাইজেরিয়ার উত্তরাঞ্চলে দীর্ঘদিন ধরে নিরাপত্তা সংকট চলছে। এ অঞ্চলে আইএসআইএল–সংশ্লিষ্ট গোষ্ঠী ও মুক্তিপণের জন্য অপহরণকারী সশস্ত্র চক্র সক্রিয়। সম্প্রতি পার্শ্ববর্তী কয়েকটি অঙ্গরাজ্যেও বড় ধরনের হামলায় শতাধিক মানুষ নিহত হয়েছে।
গত সপ্তাহে বোরগু এলাকার নেতারা প্রেসিডেন্ট বোলা টিনুবুর কাছে হামলা ঠেকাতে সেখানে একটি সামরিক ঘাঁটি স্থাপনের আহ্বান জানান। নাইজেরিয়া সরকার বলছে, চলমান সহিংসতায় খ্রিস্টান ও মুসলিম, উভয় সম্প্রদায়ের মানুষই সমানভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।
আন্তর্জাতিক: নাইজেরিয়ায় বন্দুকধারীদের গুলিতে নিহত ৩২
আন্তর্জাতিক: অভিবাসন আইন কঠোর করছে ইতালি
অর্থ-বাণিজ্য: সুগন্ধি চাল রপ্তানি সময়সীমা ৩০ এপ্রিল পর্যন্ত বাড়লো
অর্থ-বাণিজ্য: তারেক রহমানকে বিজিএমইএ’র অভিনন্দন