যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের সিয়েরা নেভাদা পর্বতমালায় ভয়াবহ তুষারধসের ঘটনায় নিখোঁজ ৯ জন স্কিয়ারের মধ্যে ৮ জনের মরদেহের সন্ধান পাওয়া গেছে। মঙ্গলবার লেক তাহো অঞ্চলের ক্যাসেল পিক এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এখনো নিখোঁজ রয়েছেন আরও একজন, তবে উদ্ধারকারীদের ধারণা তিনিও জীবিত নেই।
গত মঙ্গলবার স্থানীয় সময় বেলা সাড়ে ১১টার দিকে একটি ফুটবল মাঠের সমান বিশাল আয়তনের তুষারধস আঘাত হানে। ওই সময় সেখানে ১১ জন শৌখিন স্কিয়ার ও ৪ জন গাইডসহ মোট ১৫ জনের একটি দল অবস্থান করছিল। তারা তিন দিনের ভ্রমণ শেষে ফিরছিলেন।
তুষারধসের পরপরই শুরু হয় শ্বাসরুদ্ধকর উদ্ধার অভিযান। নেভাদা ও প্লেসার কাউন্টির প্রায় ৫০ জন উদ্ধারকর্মী চরম প্রতিকূল আবহাওয়া ও তুষারঝড় উপেক্ষা করে এই অভিযানে অংশ নেন। ১৫ জনের মধ্যে ৬ জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে।
নেভাদা কাউন্টির শেরিফ শ্যানন মুন এক সংবাদ সম্মেলনে জানান, নিহতদের মধ্যে উদ্ধারকারী দলেরই এক সদস্যের জীবনসঙ্গী রয়েছেন। সহকর্মীর স্বজনকে হারানোর শোক বুকে নিয়েও উদ্ধারকর্মীরা কাজ চালিয়ে যাচ্ছেন, যা মানসিকভাবে অত্যন্ত চ্যালেঞ্জিং হয়ে দাঁড়িয়েছে।
তাহো ন্যাশনাল ফরেস্টের সুপারভাইজার ক্রিস ফিউট্রিয়ার জানিয়েছেন, দুর্ঘটনার পর ওই এলাকায় আরও প্রায় ৩ ফুট নতুন তুষারপাত হয়েছে। অতিরিক্ত তুষার ও ঝোড়ো বাতাসের কারণে মরদেহগুলো এখনো তুষারের নিচ থেকে বের করে আনা সম্ভব হয়নি।
প্লেসার কাউন্টির শেরিফ ওয়েন উ জানান, পরিস্থিতি এখনো অত্যন্ত অননুমেয় এবং বিপজ্জনক। আমরা পরিবারগুলোর প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। মরদেহগুলো উদ্ধার করে পরিবারের কাছে ফিরিয়ে দিতে আমরা আমাদের পূর্ণ সক্ষমতা ব্যবহার করছি।
জীবিত উদ্ধার হওয়া ৬ জনের মধ্যে ২ জন গুরুতর আঘাত পাওয়ায় হাঁটতে পারছিলেন না। তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে, তবে তাদের আঘাত প্রাণঘাতী নয় বলে জানানো হয়েছে। উদ্ধার হওয়া ব্যক্তিদের মধ্যে ৫ জন ব্ল্যাকবার্ড মাউন্টেন গাইডেড ট্যুর এর গ্রাহক এবং একজন গাইড।
ভয়াবহ এই তুষারঝড়ের কারণে বোরিয়ল মাউন্টেন স্কি রিসোর্টসহ ইন্টারস্টেট ৮০ ও হাইওয়ে ৫০ এর মতো গুরুত্বপূর্ণ মহাসড়কগুলো বন্ধ করে দেওয়া হয়েছে। কর্তৃপক্ষ সাধারণ মানুষকে বর্তমানে দুর্গম পাহাড়ি এলাকা এড়িয়ে চলার কঠোর নির্দেশ দিয়েছে।
ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসমের কার্যালয় থেকে জানানো হয়েছে, নিখোঁজ শেষ ব্যক্তিকে খুঁজে পেতে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে অঙ্গরাজ্য কর্তৃপক্ষ স্থানীয় প্রশাসনকে সব ধরনের সহায়তা দিচ্ছে।
আন্তর্জাতিক: যুক্তরাষ্ট্রে তুষারধসে নিখোঁজ অন্তত ১০ স্কি খেলোয়াড়
আন্তর্জাতিক: জঙ্গিবাদ দমনে সহায়তায় নাইজেরিয়ায় মার্কিন সেনা