image

ইতালিতে ৩ বছরে ৫ লাখ শ্রমিক নিয়োগ: প্রথম ধাপের আবেদন সম্পন্ন

সংবাদ অনলাইন রিপোর্ট

ইতালিতে তিন বছর মেয়াদী (২০২৬–২০২৮) বিশাল নিয়োগ প্রক্রিয়ার অংশ হিসেবে প্রথম ধাপের আবেদন প্রক্রিয়া বা ক্লিক ডে সফলভাবে সম্পন্ন হয়েছে।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) ১ লাখ ৬৪ হাজার ৮৫০ জন শ্রমিকের কোটার বিপরীতে বিভিন্ন খাতে এই আবেদন গ্রহণ করা হয়। এবারের প্রক্রিয়ায় কড়াকড়ি বেশি থাকায় যোগ্য আবেদনকারীদের ভিসা পাওয়ার সম্ভাবনা অন্য যেকোনো সময়ের চেয়ে বেশি বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

এবারের তিন বছর মেয়াদী পরিকল্পনায় শ্রমিকদের বিভিন্ন ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। প্রথম ধাপে ১ লাখ ৬৪ হাজার ৮৫০ জনের কোটা ছিল। সিজনাল (মৌসুমী, কৃষি ও পর্যটন): ৮৮,০০০ জন, নন-সিজনাল: ৭৬,২০০ জন, স্বনির্ভর কাজ : ৬৫০ জন।

উল্লেখ্য, ১২ জানুয়ারি থেকে শুরু হওয়া এই আবেদন প্রক্রিয়ার শেষ দিনে গৃহস্থালি বা ডমেস্টিক কাজের জন্য আবেদনের ব্যাপক চাপ লক্ষ্য করা গেছে।

ইমিগ্রেশন বিশেষজ্ঞরা জানিয়েছেন, এবার আবাসন সনদ (রেসিডেন্স) সংক্রান্ত কঠোর নিয়ম ও জটিল প্রক্রিয়ার কারণে ঢালাওভাবে আবেদন করার সুযোগ ছিল না। যারা সঠিক নিয়ম মেনে এবং প্রয়োজনীয় নথিপত্রসহ আবেদন জমা দিতে পেরেছেন, তাদের সফল হওয়ার হার আগের তুলনায় অনেক বেশি হবে। প্রবাসী বাংলাদেশিদের মতে, প্রক্রিয়ার এই কড়াকড়ি প্রকৃত দক্ষ ও যোগ্য শ্রমিকদের জন্য আশীর্বাদ হয়ে দাঁড়িয়েছে।

প্রথম ধাপ শেষ হতেই ইতালি সরকার পরবর্তী প্রস্তুতির ঘোষণা দিয়েছে। চলতি বছরের ৩১ ডিসেম্বরের মধ্যে দ্বিতীয় ধাপের আরও ১ লাখ ৬৫ হাজার শ্রমিকের জন্য আগাম ফরম পূরণ প্রক্রিয়া শুরু হতে যাচ্ছে। তবে এই বিশাল নিয়োগ প্রক্রিয়াকে কেন্দ্র করে দালাল চক্র যাতে সাধারণ মানুষকে বিভ্রান্ত করতে না পারে, সেদিকে কঠোর সতর্কবার্তা দিয়েছেন বিশেষজ্ঞরা। কোনো প্রকার আর্থিক লেনদেনের আগে তথ্যের সত্যতা যাচাই করার পরামর্শ দেওয়া হয়েছে।

‘আন্তর্জাতিক’ : আরও খবর

সম্প্রতি