ইরানের সাথে চরম উত্তেজনার মধ্যেই সিরিয়া থেকে তাদের অবশিষ্ট সেনা প্রত্যাহারের চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র। হোয়াইট হাউজের এক জ্যেষ্ঠ কর্মকর্তা নিশ্চিত করেছেন যে, আগামী কয়েক মাসের মধ্যে সিরিয়া থেকে সব মার্কিন সৈন্য সরিয়ে নেওয়া হবে। মূলত সিরিয়ার নতুন সরকারের সঙ্গে সন্ত্রাসবাদ দমনে সমঝোতা হওয়ায় এবং ইরানের দিকে সামরিক শক্তি কেন্দ্রীভূত করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
২০১৫ সাল থেকে ইসলামিক স্টেটের (আইএস) বিরুদ্ধে লড়াইয়ের অংশ হিসেবে সিরিয়ায় মার্কিন সেনারা অবস্থান করছিল। তবে সম্প্রতি আসাদ সরকারের পতনের পর সিরিয়ার নতুন প্রেসিডেন্ট আহমেদ আল-শারার সঙ্গে ওয়াশিংটনের কূটনৈতিক সম্পর্ক জোরদার হয়েছে। হোয়াইট হাউজ জানিয়েছে, সিরিয়া সরকার এখন নিজের সীমান্ত রক্ষায় ও সন্ত্রাসবাদ দমনে সক্ষম, তাই সেখানে বিপুল সংখ্যক মার্কিন সেনার আর প্রয়োজন নেই।
ইতিমধ্যেই চলতি বছরের শুরুতে দক্ষিণ সিরিয়ার কৌশলগত আল তানফ গ্যারিসন এবং উত্তর-পূর্বের আল শাদ্দাদি ঘাঁটি থেকে সেনা প্রত্যাহার করা হয়েছে।
সিরিয়া থেকে সেনা সরালেও ইরানের ওপর চাপ সৃষ্টি করতে মধ্যপ্রাচ্যে নজিরবিহীন সামরিক শক্তি জড়ো করছে ট্রাম্প প্রশাসন। বর্তমানে ইরানের উপকূলে অবস্থান করছে এই বিশাল রণতরি, যা কয়েক ডজন যুদ্ধবিমান ও ক্ষেপণাস্ত্র ধ্বংসকারী অস্ত্রে সজ্জিত।
বিশ্বের বৃহত্তম এই যুদ্ধজাহাজটিও আগামী কয়েক সপ্তাহের মধ্যে মধ্যপ্রাচ্যে পৌঁছাবে বলে আশা করা হচ্ছে। গত ২৪ ঘণ্টায় মধ্যপ্রাচ্যে এফ-৩৫ ও এফ-২২ সহ ৫০টিরও বেশি অত্যাধুনিক যুদ্ধবিমান মোতায়েন করেছে পেন্টাগন।
সিবিএস নিউজের তথ্য অনুযায়ী, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাতীয় নিরাপত্তা কর্মকর্তাদের সঙ্গে এক রুদ্ধদ্বার বৈঠকে জানিয়েছেন যে, শনিবারের মধ্যেই মার্কিন সামরিক বাহিনী ইরানের ওপর সম্ভাব্য হামলার জন্য প্রস্তুত থাকবে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত এখনো আলোচনার পর্যায়ে রয়েছে।
সিরিয়ার নতুন প্রেসিডেন্ট আহমেদ আল-শারা গত নভেম্বরে হোয়াইট হাউজে ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করেন, যা দেশটির ইতিহাসে প্রথম কোনো নেতার ওয়াশিংটন সফর। ট্রাম্প প্রশাসন এখন দামেস্কের সঙ্গে অংশীদারিত্ব বাড়িয়ে এই অঞ্চলে ইরানের প্রভাব কমানোর কৌশল নিয়েছে।
বিশ্লেষকদের মতে, সিরিয়া থেকে সেনা সরিয়ে সেই শক্তি ইরানের বিরুদ্ধে ব্যবহারের এই পরিকল্পনা মধ্যপ্রাচ্যের ভূ-রাজনীতিতে এক বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে।
আন্তর্জাতিক: যুক্তরাষ্ট্রে তুষারধসে নিখোঁজ অন্তত ১০ স্কি খেলোয়াড়
আন্তর্জাতিক: জঙ্গিবাদ দমনে সহায়তায় নাইজেরিয়ায় মার্কিন সেনা