এপস্টাইন কেলেঙ্কারি
এবার পুলিশের জালে রাজা চার্লসের ভাই
দীর্ঘদিনের বিতর্ক ও আইনী জটিলতার পর অবশেষে ব্রিটিশ পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছেন প্রিন্স অ্যান্ড্রু।
বৃহস্পতিবার সকালে নরফোকের স্যান্ড্রিংহাম এস্টেট থেকে তাকে হেফাজতে নেওয়া হয়। ব্রিটিশ রাজপরিবারের বর্তমান রাজা চার্লসের ভাই অ্যান্ড্রুর আজ ৬৬তম জন্মদিন। জন্মদিনের এই সকালেই সরকারি পদে থাকাকালীন ক্ষমতার অপব্যবহার ও অসদাচরণের অভিযোগে তাকে গ্রেপ্তার করল টেমস ভ্যালি পুলিশ।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রিন্স অ্যান্ড্রুকে বর্তমানে পুলিশি হেফাজতে রাখা হয়েছে এবং মামলার তদন্তের স্বার্থে বার্কশায়ার ও নরফোকের বেশ কিছু ঠিকানায় তল্লাশি চালানো হচ্ছে।
মূলত যৌন অপরাধী জেফরি এপস্টাইনের সঙ্গে তার ঘনিষ্ঠতা এবং প্রভাবশালী পদের অপব্যবহার করে গোপনীয় তথ্য পাচারের এক গুরুতর অভিযোগের ভিত্তিতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানা গেছে। গত জানুয়ারিতে এপস্টাইন সংক্রান্ত কয়েক মিলিয়ন গোপন নথি প্রকাশ পাওয়ার পর থেকেই তার বিরুদ্ধে অভিযোগের পাল্লা ভারী হতে থাকে।
এই গ্রেপ্তার নিয়ে ব্রিটেনের রাজনৈতিক ও সামাজিক মহলে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার এ প্রসঙ্গে সংবাদমাধ্যমকে জানিয়েছেন, আইনের ঊর্ধ্বে কেউ নয় এবং পুলিশ সম্পূর্ণ স্বাধীনভাবে তাদের কাজ করছে।
এ দিকে রাজপ্রাসাদ থেকে এই বিষয়ে এখনও আনুষ্ঠানিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।
প্রসঙ্গত, প্রিন্স অ্যান্ড্রু দীর্ঘদিন ধরেই জেফরি এপস্টাইনের সঙ্গে তার সংশ্লিষ্টতার বিষয়গুলো অস্বীকার করে আসছেন। তবে সাম্প্রতিক তদন্তে তার বিরুদ্ধে নতুন কিছু তথ্য ও প্রমাণের ভিত্তিতে এই গ্রেপ্তারী পরোয়ানা জারি করা হয়। বর্তমানে তাকে জিজ্ঞাসাবাদের জন্য লন্ডনের একটি থানায় রাখা হয়েছে বলে বিশেষ সূত্রে জানা গেছে। রাজপরিবারের একজন প্রভাবশালী সদস্যের এভাবে গ্রেপ্তার হওয়ার ঘটনায় গোটা বিশ্বজুড়ে শুরু হয়েছে নতুন করে আলোচনা ও সমালোচনা।
অর্থ-বাণিজ্য: ১৮ দিনেই ২ বিলিয়ন ডলার ছাড়ালো রেমিট্যান্স
আন্তর্জাতিক: আইএস শিবির থেকে অস্ট্রেলিয়ায় প্রবেশে নিষেধাজ্ঞা