image

ঢাকা-কুয়ালালামপুর মৈত্রীর নতুন দিগন্ত: প্রধানমন্ত্রীকে মালয়েশিয়া সফরের আমন্ত্রণ

সংবাদ অনলাইন রিপোর্ট

বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর আন্তর্জাতিক মহলে অভিনন্দন বন্যায় ভাসছেন তারেক রহমান।

এরই ধারাবাহিকতায় শুক্রবার বিকেলে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী দাতো সেরি আনোয়ার ইব্রাহিম এক ভিডিও কলে বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন।

দুই শীর্ষ নেতার এই আলাপচারিতার পর আনোয়ার ইব্রাহিম তাঁর ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসের মাধ্যমে জানান, তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানকে সুবিধাজনক সময়ে মালয়েশিয়া সফরের আনুষ্ঠানিক আমন্ত্রণ জানিয়েছেন। দক্ষিণ-পূর্ব এশিয়ার অন্যতম প্রভাবশালী এই দেশের প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আসা আমন্ত্রণটিকে ঢাকার নতুন প্রশাসনের জন্য একটি বড় কূটনৈতিক সাফল্য।

​ফোনালাপে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী বাংলাদেশের জনগণের গণতান্ত্রিক পরিপক্কতার ভূয়সী প্রশংসা করেন এবং একটি শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে নির্বাচন সম্পন্ন করার জন্য দেশবাসীকে সাধুবাদ জানান।

আনোয়ার ইব্রাহিম উল্লেখ করেন, মালয়েশিয়া বাংলাদেশের নতুন নেতৃত্বের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও উচ্চতর ও শক্তিশালী স্তরে উন্নীত করতে অত্যন্ত উন্মুখ। বিশেষ করে অর্থনৈতিক সহযোগিতা, জনশক্তি রপ্তানি এবং আঞ্চলিক নিরাপত্তার মতো পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলোতে দুই দেশ আগামীতে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবে বলে তিনি আশা প্রকাশ করেন।

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর এই আমন্ত্রণ ও উষ্ণ অভিনন্দন কেবল ব্যক্তিকেন্দ্রিক নয়, বরং বন্ধুপ্রতিম দুই দেশের ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্কের এক নতুন অঙ্গীকার হিসেবে দৃশ্যমান হচ্ছে।

​বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানও এই শুভেচ্ছার জন্য আনোয়ার ইব্রাহিমের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

কূটনৈতিক সূত্রগুলো বলছে, বাংলাদেশের নতুন সরকারের বিদেশ নীতির একটি বড় অংশ জুড়ে থাকবে এশিয়ার ভ্রাতৃপ্রতিম দেশগুলোর সঙ্গে সম্পর্ক আরও গভীর করা। আর সেই লক্ষে মালয়েশিয়ার এই আমন্ত্রণ অত্যন্ত তাৎপর্যপূর্ণ। বিশ্বের বিভিন্ন প্রান্তের প্রভাবশালী নেতাদের অভিনন্দনের পর আনোয়ার ইব্রাহিমের এই ভিডিও কল বাংলাদেশের নতুন নেতৃত্বের প্রতি আন্তর্জাতিক সম্প্রদায়ের সমর্থন ও আস্থার বার্তাকে আরও সুসংহত করলো।

‘আন্তর্জাতিক’ : আরও খবর

সম্প্রতি