image

ইরানে হামলার শঙ্কা: জর্ডান ঘাঁটিতে যুক্তরাষ্ট্রের বিশাল রণসজ্জা

সংবাদ অনলাইন রিপোর্ট

ইরানের পারমাণবিক কর্মসূচি ও আঞ্চলিক উত্তেজনাকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যে যুদ্ধের দামামা বাজছে। জর্ডানের মধ্যাঞ্চলে অবস্থিত মুয়াফফাক সালতি সামরিক ঘাঁটিতে যুক্তরাষ্ট্রের নজিরবিহীন সামরিক উপস্থিতি এবং অত্যাধুনিক যুদ্ধবিমানের সমাবেশ সেই শঙ্কাকে আরও ঘনীভূত করেছে। সাম্প্রতিক উপগ্রহচিত্রে দেখা গেছে, সাধারণ সময়ের তুলনায় তিন গুণ বেশি শক্তি বৃদ্ধি করেছে মার্কিন বাহিনী।

গত শুক্রবার (২০ ফেব্রুয়ারি) ধারণ করা উপগ্রহচিত্রে দেখা গেছে, মুয়াফফাক সালতি ঘাঁটিতে ৬০টিরও বেশি আক্রমণাত্মক যুদ্ধবিমান পার্ক করা রয়েছে। এর মধ্যে রাডার ফাঁকি দিতে সক্ষম অত্যাধুনিক এফ-৩৫ (F-35) স্টেলথ ফাইটার অন্যতম। এছাড়াও রয়েছে ড্রোন ও সামরিক হেলিকপ্টার।

ফ্লাইট ট্র্যাকিং তথ্যানুযায়ী, গত রবিবার থেকে অন্তত ৬৮টি কার্গো প্লেন ওই ঘাঁটিতে অবতরণ করেছে। ধারণা করা হচ্ছে, মূল রানওয়ের বাইরে বিশেষ ছাউনির নিচে আরও যুদ্ধবিমান প্রস্তুত রাখা হয়েছে।

ইরানের সম্ভাব্য পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা মোকাবিলায় ঘাঁটিটিতে নতুন করে শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা স্থাপন করা হয়েছে। জর্ডানের কর্মকর্তারা নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে বিদ্যমান প্রতিরক্ষা চুক্তির অংশ হিসেবেই এই বিশাল সামরিক সরঞ্জাম মোতায়েন করা হয়েছে।

এই সামরিক প্রস্তুতি এমন এক সময়ে এল যখন ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনা স্থবির হয়ে আছে। শুক্রবার হোয়াইট হাউজে সাংবাদিকদের সাথে আলাপকালে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, ইরানকে একটি সুনির্দিষ্ট চুক্তিতে রাজি করাতে তিনি দেশটিতে সীমিত সামরিক হামলার বিষয় বিবেচনা করছেন।

বিশ্লেষকদের মতে, জর্ডানের এই ঘাঁটিকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের এই সক্রিয়তা কেবল মহড়া নয়, বরং ইরানের বিরুদ্ধে সম্ভাব্য বড় কোনো অভিযানের প্রাথমিক ধাপ হতে পারে।

‘আন্তর্জাতিক’ : আরও খবর

সম্প্রতি