image

নাগরিকদের অবিলম্বে ইরান ছাড়ার নির্দেশ দিল সুইডেন

সংবাদ অনলাইন রিপোর্ট

ইরানের ওপর যুক্তরাষ্ট্রের সম্ভাব্য সামরিক হামলার আশঙ্কার মধ্যে নিজ দেশের নাগরিকদের দ্রুত ইরান ছাড়ার নির্দেশ দিয়েছে সুইডেন। মধ্যপ্রাচ্য অঞ্চলের বর্তমান পরিস্থিতিকে অত্যন্ত অনিশ্চিত উল্লেখ করে এই জরুরি সতর্কবার্তা জারি করেছে স্টকহোম।

স্থানীয় সময় শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সুইডেনের পররাষ্ট্রমন্ত্রী মারিয়া মালমার স্টেনগার্ড এক সামাজিক যোগাযোগমাধ্যম পোস্টে এই আহ্বান জানান। তিনি স্পষ্টভাবে উল্লেখ করেন, এই মুহূর্তে আকাশপথ ও স্থল সীমান্ত দিয়ে ইরান ত্যাগ করা সম্ভব হলেও যেকোনো সময় পরিস্থিতির দ্রুত পরিবর্তন হতে পারে।

স্টেনগার্ড সতর্ক করে বলেন: ইরান ও অঞ্চলের পরিস্থিতি বর্তমানে অত্যন্ত অনিশ্চিত। এ অবস্থায় নতুন করে ইরান সফর এড়িয়ে যাওয়া উচিত এবং দেশটিতে অবস্থানরত সুইডিশ নাগরিকদের সুযোগ থাকতে থাকতেই চলে যাওয়ার আহ্বান জানাচ্ছি।

তিনি আরও স্পষ্ট করেন যে, যারা নিজ ঝুঁকিতে ইরানে থাকার সিদ্ধান্ত নেবেন, পরবর্তীতে পরিস্থিতি খারাপ হলে সুইডিশ পররাষ্ট্র মন্ত্রণালয় তাদের সরিয়ে নিতে কোনো বিশেষ সহায়তা দিতে পারবে না।

পারমাণবিক ইস্যুতে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা এখন তুঙ্গে। শুক্রবার হোয়াইট হাউসে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরানকে একটি ন্যায্য চুক্তিতে বাধ্য করতে তিনি দেশটিতে সীমিত সামরিক হামলার পরিকল্পনা বিবেচনা করছেন। ট্রাম্পের এই হুমকির পরপরই মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক তৎপরতা বহুগুণ বৃদ্ধি পেয়েছে।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, যুক্তরাষ্ট্রের সামরিক পরিকল্পনা এখন অত্যন্ত উন্নত পর্যায়ে রয়েছে। মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে সংস্থাটি জানায়, কূটনৈতিক প্রচেষ্টা ব্যর্থ হলে কেবল পারমাণবিক অবকাঠামোই নয়, ইরানের শীর্ষ নেতাদের এবং নিরাপত্তা স্থাপনা লক্ষ্য করে কয়েক সপ্তাহব্যাপী টানা সামরিক অভিযান চালানো হতে পারে। প্রেসিডেন্ট ট্রাম্প নির্দেশ দিলে ইরানের শাসনব্যবস্থা পরিবর্তনের চেষ্টাও এই পরিকল্পনার অংশ হতে পারে বলে গুঞ্জন রয়েছে।

সুইডেনের মতো ইউরোপীয় দেশগুলোর এই সতর্কবার্তা এবং জর্ডানে মার্কিন যুদ্ধবিমানের নজিরবিহীন সমাবেশকে আন্তর্জাতিক বিশ্লেষকরা মধ্যপ্রাচ্যে বড় ধরনের সংঘাতের চূড়ান্ত ইঙ্গিত হিসেবে দেখছেন।

‘আন্তর্জাতিক’ : আরও খবর

সম্প্রতি