image

আফগানিস্তানে পাকিস্তানের ব্যাপক বিমান ও ড্রোন হামলা: গুঁড়িয়ে দেওয়া হলো সাত জঙ্গি আস্তানা

সংবাদ অনলাইন রিপোর্ট

পাকিস্তানে ধারাবাহিক আত্মঘাতী ও সশস্ত্র হামলার দাঁতভাঙ্গা জবাব দিতে আফগানিস্তান সীমান্তে ব্যাপক বিমান ও ড্রোন হামলা চালিয়েছে পাকিস্তানের সামরিক বাহিনী। রোববার (২২ ফেব্রুয়ারি) সীমান্তবর্তী পাকতিকা ও নানগারহার প্রদেশের একাধিক জঙ্গি আস্তানা লক্ষ্য করে এই অভিযান পরিচালনা করা হয়।

পাকিস্তানের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক বিবৃতিতে জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নিষিদ্ধ ঘোষিত সংগঠন তেহরিক ই-তালেবান পাকিস্তান (টিটিপি) এবং তাদের সহযোগীদের সাতটি ক্যাম্প ও আস্তানায় এই প্রিসিশন স্ট্রাইক বা নির্ভুল অভিযান চালানো হয়েছে। এছাড়া সীমান্ত অঞ্চলে সক্রিয় আইএসের একটি সহযোগী সংগঠনকেও লক্ষ্যবস্তু করা হয়েছে।

গত কয়েক দিনে পাকিস্তানে একাধিক বড় ধরনের হামলার পরই এই সামরিক পদক্ষেপ নিল ইসলামাবাদ:

•ইসলামাবাদ মসজিদে হামলা: গত ৬ ফেব্রুয়ারি ইসলামাবাদের একটি শিয়া মসজিদে জোহরের নামাজের সময় আত্মঘাতী হামলায় ৩১ জন মুসল্লি নিহত হন। এই হামলার দায় স্বীকার করেছিল আইএস।

•বান্নু জেলায় হামলা: খাইবার পাখতুনখোয়ার বান্নু জেলায় নিরাপত্তা বহরে আত্মঘাতী হামলায় একজন লেফটেন্যান্ট কর্নেলসহ দুই সেনা নিহত হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই আফগানিস্তানে এই পাল্টা হামলা চালানো হয়।

•বাজাউর হামলা: গত সোমবার বাজাউরে নিরাপত্তা পোস্টে বিস্ফোরকবোঝাই গাড়ির ধাক্কায় ১১ সেনা ও এক শিশু নিহত হয়। কর্তৃপক্ষ নিশ্চিত করেছে যে, ওই হামলাকারী ছিল একজন আফগান নাগরিক।

পাকিস্তান সরকারের দাবি, ইসলামাবাদসহ উত্তর-পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে সাম্প্রতিক হামলাগুলো আফগানিস্তানে অবস্থান করা সংগঠনগুলোর নেতৃত্বেই হয়েছে এবং এর অকাট্য প্রমাণ তাদের কাছে রয়েছে। ইসলামাবাদ বলছে, আফগান ভূখণ্ড ব্যবহার করে যেন হামলা চালানো না হয় সেজন্য বারবার তালেবান সরকারকে আহ্বান জানালেও তারা কোনো কার্যকর পদক্ষেপ নেয়নি।

বিবৃতিতে আরও বলা হয়, পাকিস্তান সবসময় অঞ্চলে শান্তি বজায় রাখতে চায়, তবে আমাদের নাগরিকদের নিরাপত্তাই সর্বোচ্চ অগ্রাধিকার।

তালেবান সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য পাওয়া না গেলেও আল জাজিরাকে দেওয়া একটি আফগান সূত্র জানিয়েছে, পাকতিকা প্রদেশের একটি ধর্মীয় স্কুলে ড্রোন হামলা চালানো হয়েছে। এছাড়া নানগারহার প্রদেশেও বিমান হামলার খবর পাওয়া গেছে।

আফগানিস্তানের অভ্যন্তরে পাকিস্তানের এই অভিযানের ফলে দুই প্রতিবেশী দেশের মধ্যে উত্তেজনা নতুন করে চরমে পৌঁছেছে।

‘আন্তর্জাতিক’ : আরও খবর

সম্প্রতি