ইরানে আবারও শুরু হয়েছে জেন-জি বিক্ষোভ। এমনটাই জানিয়েছে আন্তর্জাতিক সংবাদ সংস্থা এএফপি। স্থানীয় সময় গতকাল রোববার (২২ ফেব্রুয়ারি) রাজধানী তেহরানে দ্বিতীয় দিনের মতো এই বিক্ষোভ, সমাবেশ ও মিছিল করেছেন ইরানের সাধারণ লোকজন।
পরমাণু প্রকল্প নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার মধ্যেই ইরানে জেন-জি বিক্ষোভ শুরু হলো।
এক প্রতিবেদনে এএফপি জানিয়েছে, গত ডিসেম্বর-জানুয়ারির বিক্ষোভে নিরাপত্তা বাহিনীর গুলিতে যারা নিহত হয়েছিলেন, সেই নিহতদের স্মরণ করে এবং হত্যাকাণ্ডের বিচার চেয়ে স্থানীয় সময় গত শনিবার রাজধানী তেহরানে বিক্ষোভ শুরু করে দেশটির তরুণ প্রজন্মের সরকারবিরোধী অংশ। তাদের বিক্ষোভের পাল্টায় সরকারের পক্ষে মিছিল-সমাবেশের ডাক দেয় ক্ষমতাসীন সরকারের পক্ষে থাকা তরুণ-তরুণীরা।
এদিকে, ইরানের অনলাইন সংবাদমাধ্যম ফার্স নিউজ তাদের প্রতিবেদনে জনিয়েছে, তেহরানের তিনটি বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছে বিক্ষোভ, আর এই তিন বিশ্ববিদ্যালয়ের মধ্যে সরকারবিরোধী আন্দোলনের কেন্দ্রে রয়েছে শরিফ বিশ্ববিদ্যালয়। গতকাল রোববার সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন ভিডিওতে দেখা গেছে শরিফ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ইরানের সাবেক শাহ মুহম্মদ রেজা শাহ পাহালভির সময়ে পতাকা হাতে নিয়ে মিছিল করছেন, সেই মিছিলে ব্যাপকভাবে দেওয়া হচ্ছে সরকারবিরোধী বিভিন্ন স্লোগান।
যুক্তরাষ্ট্রের একের পর এক নিষেধাজ্ঞায় ভয়াবহ চাপে আছে ইরানের অর্থনীতি। অর্থনৈতিক চাপ এবং জীবনযাত্রার ব্যয়বৃদ্ধির প্রতিবাদে গত ডিসেম্বরের শেষ দিকে আন্দোলন শুরু করেছিলেন ইরানের ব্যবসায়ী ও দোকানমালিকরা। পরবর্তীতে সেই আন্দোলন ব্যাপকমাত্রার সরকারবিরোধী বিক্ষোভে পরিণত হয়ে দেশব্যাপী ছড়িয়ে পড়ে।
অপরাধ ও দুর্নীতি: চা দোকানি আমির হত্যায় ৫ আসামির যাবজ্জীবন
নগর-মহানগর: চাঁদাবাজ ধরে সড়কে ঘুরিয়ে মাইকিং করলো পুলিশ
সংস্কৃতি: সংশয় যেন কাটছেই না: আবারও নতুন তারিখ