image

পুতিন তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু করেছেন, তাঁকে থামাতেই হবে: জেলেনস্কি

সংবাদ অনলাইন রিপোর্ট

ইউক্রেন-রাশিয়া যুদ্ধ নিয়ে বিশ্বজুড়ে উদ্বেগের মাঝে বিস্ফোরক মন্তব্য করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি দাবি করেছেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইতিমধ্যে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু করে দিয়েছেন এবং তাঁকে এখনই রুখে দেওয়া জরুরি।

বিবিসি-কে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে জেলেনস্কি তাঁর দেশের প্রতিরোধ লড়াই নিয়ে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। কিয়েভে সরকারি সদর দপ্তরে দেওয়া এই সাক্ষাৎকারে তিনি স্পষ্ট জানিয়ে দেন, ইউক্রেনের পরাজিত হওয়ার কোনো সুযোগ নেই এবং তারা এই যুদ্ধ শেষ করবেন বিজয়ী হিসেবেই।

পুতিনের প্রস্তাবিত যুদ্ধবিরতির শর্তগুলোকে সরাসরি নাকচ করে দিয়েছেন জেলেনস্কি। রুশ শর্ত অনুযায়ী, ইউক্রেনকে এমন কিছু কৌশলগত এলাকা থেকে সরে যেতে হবে যা দখল করতে গিয়ে রাশিয়া ইতিপূর্বে ১০ হাজারের বেশি সৈন্য হারিয়েছে। জেলেনস্কি এই প্রস্তাবকে অগ্রহণযোগ্য বলে অভিহিত করেন।

প্রেসিডেন্ট জেলেনস্কি বলেন, পুতিন ইতিমধ্যে এটি (বিশ্বযুদ্ধ) শুরু করেছেন। এখন প্রশ্ন হলো, তিনি কতটা ভূখণ্ড দখল করতে সক্ষম হবেন এবং তাঁকে কীভাবে থামানো যাবে। রাশিয়া বিশ্বে ভিন্ন এক জীবনধারা চাপিয়ে দিতে চায় এবং মানুষের বেছে নেওয়া স্বাভাবিক জীবন বদলে দিতে চায়।

পূর্ব ইউক্রেনের দোনেৎস্ক অঞ্চলের ২০ শতাংশ ভূখণ্ডসহ খেরসন ও জাপোরিঝঝিয়া অঞ্চলের নিয়ন্ত্রণ রাশিয়ার হাতে ছেড়ে দেওয়ার বিনিময়ে যুদ্ধবিরতি সম্ভব কি না বিবিসির এমন প্রশ্নের জবাবে জেলেনস্কি বলেন, আমি বিষয়টিকে কেবল ভূখণ্ড হিসেবে দেখি না। এটি হবে আমাদের অবস্থান দুর্বল করা এবং সেখানে বসবাসকারী আমাদের লাখ লাখ মানুষের হাত ছেড়ে দেওয়া। এমন সিদ্ধান্ত আমাদের সমাজকে বিভক্ত করবে।

জেলেনস্কি সতর্ক করে দিয়ে বলেন, পুতিন এখন একটি বিরতি চাইছেন কেবল নিজেকে সামলে নেওয়ার জন্য। ইউরোপীয় অংশীদারদের মতে পুতিনের পুনরায় শক্তি সঞ্চয় করতে ৩ থেকে ৫ বছর সময় লাগতে পারে, তবে জেলেনস্কির ধারণা পুতিন ১ থেকে ২ বছরের বেশি সময় নেবেন না। সামলে ওঠার পর তিনি আবারও যুদ্ধ শুরু করতে পারেন বলে আশঙ্কা প্রকাশ করেন ইউক্রেনীয় প্রেসিডেন্ট।

জেলেনস্কির মতে, পুতিনকে পিছু হটানোর একমাত্র উপায় হলো রাশিয়ার ওপর তীব্র সামরিক ও অর্থনৈতিক চাপ অব্যাহত রাখা।

‘আন্তর্জাতিক’ : আরও খবর

সম্প্রতি