image

মোদীকে নিয়ে মুসলিমদের বিরুদ্ধে নতুন জোট গঠনের ঘোষণা নেতানিয়াহুর

সংবাদ অনলাইন রিপোর্ট

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সাথে নিয়ে মুসলিম বিশ্বের তথাকথিত উগ্র অক্ষের বিরুদ্ধে এক নতুন জোট গড়ে তোলার ঘোষণা দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। মধ্যপ্রাচ্য ও এর আশপাশের সমমনা দেশগুলোকে নিয়ে এই জোট গঠন করা হবে বলে জানিয়েছেন তিনি।

রোববার (২২ ফেব্রুয়ারি) ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ইসরায়েল সফরের প্রাক্কালে এক আনুষ্ঠানিক ঘোষণায় নেতানিয়াহু এই পরিকল্পনার কথা জানান। তিনি বলেন, ভারতও সেই দেশগুলোর অংশ হবে যারা ইসরায়েলের সঙ্গে একই দৃষ্টিভঙ্গি পোষণ করে।

নেতানিয়াহু জানান, তাঁর পরিকল্পনায় মধ্যপ্রাচ্য ঘিরে একটি পূর্ণাঙ্গ জোট ব্যবস্থা গড়ে তোলা হবে, যাকে তিনি হেক্সাগন বা ছয় কোণবিশিষ্ট কাঠামো হিসেবে অভিহিত করেছেন। আন্তর্জাতিক অপরাধ আদালতের পরোয়ানাভুক্ত এই নেতা জানান, গ্রিস, সাইপ্রাসসহ এশিয়া ও আফ্রিকার কয়েকটি দেশ এই অক্ষের অন্তর্ভুক্ত হতে পারে।

নেতানিয়াহুর মতে, এই জোট মূলত দুটি শক্তির বিরুদ্ধে কাজ করবে: যাদের ওপর ইসরায়েল ইতিমধ্যে কঠোর আঘাত হেনেছে। যার প্রধান উপাদান হিসেবে তিনি মুসলিম ব্রাদারহুড কে ইঙ্গিত করেছেন।

নেতানিয়াহুর এই বার্তার পর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’-এ (সাবেক টুইটার) তাঁর প্রতিক্রিয়ায় জানান, আস্থা, উদ্ভাবন, শান্তি ও অগ্রগতির প্রতি যৌথ অঙ্গীকারের ভিত্তিতে ইসরায়েলের সঙ্গে দীর্ঘস্থায়ী বন্ধুত্বকে ভারত গভীরভাবে মূল্য দেয়।

নেতানিয়াহু উগ্র সুন্নি অক্ষ বলতে ঠিক কাদের বুঝিয়েছেন তা স্পষ্ট না করলেও, গাজায় ইসরায়েলি হামলার কারণে তুরস্ক ও সৌদি আরবের মতো প্রভাবশালী সুন্নি দেশগুলোর সঙ্গে ইসরায়েলের সম্পর্কের চরম অবনতি হয়েছে। তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান ইতিমধ্যে নেতানিয়াহুর কঠোর সমালোচনা করেছেন। অন্যদিকে, সৌদি আরবও ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ তুলেছে এবং পশ্চিম তীরে ইসরায়েলি কর্মকাণ্ডের তীব্র বিরোধিতা করছে।

২০২০ সালের আব্রাহাম অ্যাকর্ডসের মাধ্যমে সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন ও মরক্কোর সঙ্গে সম্পর্ক গড়লেও বর্তমান পরিস্থিতিতে সৌদি আরবের সঙ্গে ইসরায়েলের সম্পর্ক স্বাভাবিক হওয়ার সম্ভাবনা ক্ষীণ হয়ে আসছে। এদিকে, গাজায় যুদ্ধের ফলে ইরানের নেতৃত্বাধীন প্রতিরোধ অক্ষ (যেমন: হিজবুল্লাহ) দুর্বল হয়ে পড়েছে বলে দাবি করছে ইসরায়েল।

নতুন এই হেক্সাগন জোটের ঘোষণা মধ্যপ্রাচ্য ও এশিয়ার ভূ-রাজনীতিতে নতুন কোনো মেরুকরণ তৈরি করে কি না, এখন সেটিই দেখার বিষয়।

‘আন্তর্জাতিক’ : আরও খবর

সম্প্রতি