image

পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মহাসচিবের সাক্ষাৎ

সার্ক পুনরুজ্জীবিত করার উদ্যোগ নেবে সরকার

সংবাদ অনলাইন রিপোর্ট

দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থাকে (সার্ক) আরও সক্রিয় ও গতিশীল করতে উদ্যোগী হয়েছে বর্তমান সরকার। এই আঞ্চলিক জোটকে কীভাবে কার্যকর করা যায়, সে বিষয়ে সংস্থার মহাসচিব মো. গোলাম সারওয়ারের কাছে বিস্তারিত জানতে চেয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।

মঙ্গলবার দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সার্ক মহাসচিবের এক সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে মহাসচিব নিজেই আলোচনার এই বিষয়বস্তু তুলে ধরেন।

সাক্ষাতে সার্কের বর্তমান অবস্থা, সীমাবদ্ধতা এবং ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে মন্ত্রীর সঙ্গে বিস্তারিত আলোচনা হয়েছে বলে জানান গোলাম সারওয়ার। তিনি বলেন, বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারেও সার্কের বিষয়টি গুরুত্বের সাথে উল্লেখ ছিল। নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই এই আঞ্চলিক জোটের কার্যকারিতা বৃদ্ধির ওপর বিশেষ জোর দিচ্ছে। আলোচনার মূল কেন্দ্রবিন্দু ছিল সার্ক বর্তমানে কোন অবস্থানে দাঁড়িয়ে আছে এবং একে সামনে এগিয়ে নিতে কী ধরনের পদক্ষেপ নেওয়া প্রয়োজন।

মহাসচিব আরও জানান, সার্ক শীর্ষ সম্মেলন আয়োজনসহ সংস্থার সার্বিক কর্মকাণ্ড গতিশীল করার সব দিক নিয়ে মন্ত্রীর সঙ্গে কথা হয়েছে। আঞ্চলিক সহযোগিতা বৃদ্ধির মাধ্যমে সংস্থাটি যেন সামনের দিনগুলোতে অগ্রণী ভূমিকা পালন করতে পারে, সে লক্ষ্যেই ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা হয়েছে।

এর আগে গত সোমবার পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গেও সাক্ষাৎ করেছিলেন সার্ক মহাসচিব। মূলত দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে পারস্পরিক সম্পর্ক ও সহযোগিতা জোরদারের অংশ হিসেবেই এই সিরিজ বৈঠকগুলো অনুষ্ঠিত হচ্ছে।

‘আন্তর্জাতিক’ : আরও খবর

সম্প্রতি