image

ওয়াশিংটনে ছুরিকাঘাতে চারজন নিহত

সংবাদ অনলাইন রিপোর্ট

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন অঙ্গরাজ্যের টাকোমা শহরে এক মর্মান্তিক হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। এক ব্যক্তির এলোপাতাড়ি ছুরিকাঘাতে চারজন নিহত হয়েছেন। পরে পুলিশের গুলিতে ৩২ বছর বয়সী ওই সন্দেহভাজন হামলাকারীও নিহত হন। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) স্থানীয় সময় সকালে টাকোমা শহরের উত্তর-পশ্চিমের কি পেনিনসুলা এলাকায় এই ঘটনা ঘটে।

পিয়ার্স কাউন্টি শেরিফ অফিস জানায়, মঙ্গলবার সকাল পৌনে ৯টার দিকে পুলিশকে জানানো হয় যে, এক ব্যক্তি আদালতের নো-কন্ট্যাক্ট বা সুরক্ষা আদেশ লঙ্ঘন করছেন। পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে দেখেন, আদালতের ওই আদেশের কপিটি তাদের হাতে থাকলেও সেটি তখনো কার্যকর হয়নি। কারণ, সন্দেহভাজন ব্যক্তির কাছে সেটি আনুষ্ঠানিকভাবে পৌঁছানো সম্ভব হয়নি।

পুলিশের একটি দল ওই আইনি নোটিশটি ব্যক্তিগতভাবে পৌঁছাতে গেলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। ৩২ বছর বয়সী ওই ব্যক্তি বাড়ির বাইরে এসেই উপস্থিত লোকজনের ওপর এলোপাতাড়ি ছুরিকাঘাত শুরু করেন।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, সকাল সাড়ে ৯টার দিকে ওই ব্যক্তি হামলা শুরু করেন। এর মাত্র তিন মিনিটের মাথায় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হামলাকারীকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে ঘটনাস্থলেই সন্দেহভাজন ওই ব্যক্তি নিহত হন।

অন্যদিকে, হামলাকারীর ছুরিকাঘাতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় চতুর্থ ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তিনিও মারা যান।

বার্তা সংস্থা এপি জানিয়েছে, যে বাড়ির সামনে এই রক্তক্ষয়ী ঘটনা ঘটেছে, সেটি একজন নারীর। ওই নারী তার ছেলের বিরুদ্ধে সুরক্ষা আদেশ চেয়ে আদালতের কাছে আবেদন করেছিলেন। অভিযোগপত্রে তিনি জানিয়েছিলেন, তার ছেলে মাদকাসক্ত ও মানসিকভাবে অসুস্থ। সে তাকে নিয়মিত হুমকি দিত এবং শারীরিক নির্যাতন করত। এমনকি নিজের পোষা বিড়ালকেও ওই যুবক আঘাত করেছিল বলে আদালতে জানিয়েছিলেন মা।

পুলিশ জানিয়েছে, এ ঘটনায় তদন্ত অব্যাহত রয়েছে। তবে নিহত ব্যক্তিরা বা হামলাকারীর নাম এখনো আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি।

‘আন্তর্জাতিক’ : আরও খবর

সম্প্রতি