আল-জাজিরার তথ্য
ভারতশাসিত কাশ্মীরের বর্তমান শাসনব্যবস্থা ও নিরাপত্তা কৌশলে ইসরায়েলি দখলদারিত্বের মডেল অনুসরণ করা হচ্ছে বলে দাবি করেছে কাতারভিত্তিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল-জাজিরা।
সম্প্রতি প্রকাশিত এক বিশেষ প্রতিবেদনে বলা হয়েছে, মোদি সরকার কাশ্মীরে যে ধরনের নজরদারি, সামাজিক বয়কট এবং দমননীতি গ্রহণ করেছে, তার সঙ্গে ফিলিস্তিনের অধিকৃত ভূখণ্ডে ইসরায়েলের প্রয়োগ করা কৌশলের হুবহু মিল রয়েছে।
বিশ্লেষকদের মতে, ২০১৪ সালে বিজেপি ক্ষমতায় আসার পর থেকেই ভারতের দীর্ঘদিনের ফিলিস্তিনপন্থী অবস্থান থেকে সরে এসে ইসরায়েলের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়িয়েছে এবং তাদের প্রশাসনিক ও নিরাপত্তা নীতিগুলো কাশ্মীরে প্রয়োগ করতে শুরু করেছে।
প্রতিবেদনে উল্লেখ করা হয়, ভারত ও ইসরায়েলের এই ক্রমবর্ধমান সম্পর্কের মূলে রয়েছে এক গভীর আদর্শিক মিল। ভারতের ক্ষমতাসীন দল বিজেপি এবং তাদের আদর্শিক ভিত্তি আরএসএস-এর হিন্দুত্ববাদী চিন্তাধারা ভারতকে একটি হিন্দু রাষ্ট্রে রূপ দিতে চায়, ঠিক যেভাবে ইসরায়েল নিজেকে ইহুদি রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত করেছে।
এই অভিন্ন লক্ষ্য থেকেই দুই দেশ একে অপরের প্রতিরক্ষা ও নিরাপত্তা কৌশলে ঘনিষ্ঠ সহযোগীর ভূমিকা পালন করছে। কাশ্মীরে জনগণের ওপর কঠোর নজরদারি চালাতে ভারত এখন ইসরায়েলি প্রযুক্তি ও কৌশল ব্যবহার করছে বলে অভিযোগ উঠেছে।
প্রতিরক্ষা সহযোগিতার ক্ষেত্রেও এই দুই দেশের সম্পর্ক এখন অনন্য উচ্চতায়। ভারত বর্তমানে ইসরায়েলি অস্ত্রের একক বৃহত্তম ক্রেতা। শুধু অস্ত্র কেনাই নয়, কাশ্মীরসহ ভারতের বিভিন্ন সংবেদনশীল এলাকায় মোতায়েন করা নিরাপত্তা বাহিনীকে ইসরায়েলি বিশেষজ্ঞরা প্রশিক্ষণ দিচ্ছেন।
নজরদারির জন্য ইসরায়েলি ড্রোন, উন্নত রাডার ব্যবস্থা এবং বিতর্কিত পেগাসাস স্পাইওয়্যার ব্যবহারের মাধ্যমে কাশ্মীরে এক ধরনের “সর্বগ্রাসী নজরদারি” প্রতিষ্ঠা করা হয়েছে। এমনকি গাজায় চলমান সামরিক অভিযানের সময় ভারত ইসরায়েলকে অস্ত্র সরবরাহ করেছে বলেও প্রতিবেদনে দাবি করা হয়েছে।
মানবাধিকার কর্মীদের মতে, কাশ্মীরে ভারতীয় নিরাপত্তা বাহিনীর তল্লাশি এবং স্থানীয়দের গতিবিধি নিয়ন্ত্রণের ধরনটি এখন অনেকটা ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি চেকপোস্টের আচরণের মতো হয়ে দাঁড়িয়েছে।
রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, ভারত সরকার কাশ্মীরের জনতাত্ত্বিক কাঠামো পরিবর্তনের যে চেষ্টা চালাচ্ছে, তার পেছনেও ইসরায়েলি সেটেলমেন্ট বা বসতি স্থাপনের কৌশলের প্রভাব থাকতে পারে। আন্তর্জাতিক মহলে কাশ্মীর ইস্যুটি দীর্ঘদিনের অমীমাংসিত সমস্যা হিসেবে থাকলেও, ভারতের এই নতুন কৌশল অঞ্চলটির স্থিতিশীলতাকে আরও ঝুঁকির মুখে ফেলছে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে।
অপরাধ ও দুর্নীতি: লাঠি হাতে ভাইরাল রাকিব আসলে পলাতক খুনি
সারাদেশ: গজারিয়ায় মধ্যরাতে ভয়াবহ অগ্নিকাণ্ড
আন্তর্জাতিক: আফগানিস্তানের বিরুদ্ধে পাকিস্তানের যুদ্ধ ঘোষণা
নগর-মহানগর: এসি বিস্ফোরণে ভবনে আগুন, নারীসহ দগ্ধ ৩
অপরাধ ও দুর্নীতি: নতুন ডিএমপি কমিশনার মো. সরওয়ার