image

তারেক রহমানের সঙ্গে দেখা করতে চান শাহবাজ শরিফ

সংবাদ অনলাইন রিপোর্ট

পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ বাংলাদেশ সফরে আসার এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সশরীরে সাক্ষাৎ করার প্রবল ইচ্ছা প্রকাশ করেছেন।

সৌদি আরবের জেদ্দায় ওআইসির ফিলিস্তিন বিষয়ক কার্যনির্বাহী কমিটির এক সভার ফাঁকে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে এক সৌজন্য সাক্ষাতে পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার এ তথ্য জানান।

শুক্রবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই বৈঠকের বিস্তারিত জানানো হয়।

বৈঠকে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গে তার পূর্বের স্মৃতির কথা তুলে ধরেন। তিনি জানান, পাকিস্তানের বর্তমান প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয়ে আলোচনার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন এবং শীঘ্রই ঢাকা সফরের পরিকল্পনা করছেন।

আলোচনাকালে ইসহাক দার আশাবাদ ব্যক্ত করেন, বাংলাদেশের নতুন সরকারের নেতৃত্বে দুই দেশের পারস্পরিক সম্পর্ক এক নতুন উচ্চতায় পৌঁছাবে এবং ধারাবাহিক উন্নয়নের মাধ্যমে তা আরও সুসংহত হবে।

এ ছাড়া ফিলিস্তিন সমস্যা ও রোহিঙ্গা সংকটের মতো আন্তর্জাতিক ইস্যুতে বাংলাদেশের বলিষ্ঠ ও মানবিক অবস্থানের ভূয়সী প্রশংসা করেন তিনি।

এই গুরুত্বপূর্ণ বৈঠকে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরও উপস্থিত ছিলেন। দুই দেশের প্রতিনিধিরা দ্বিপাক্ষিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে সহযোগিতার ক্ষেত্র আরও প্রসারিত করার ওপর গুরুত্বারোপ করেন।

‘আন্তর্জাতিক’ : আরও খবর

সম্প্রতি