image

থিঙ্কট্যাংকের দাবি

পাকিস্তানের হামলায় আফগানিস্তানের সর্বোচ্চ ধর্মীয় নেতা নিহত

সংবাদ অনলাইন রিপোর্ট

পাকিস্তানের হামলায় আফগানিস্তানের সর্বোচ্চ ধর্মীয় নেতা হিবাতুল্লাহ আখুন্দজাদা পাকিস্তানি বিমান হামলায় নিহত হয়েছেন। এমন দাবি করেছে আন্তর্জাতিক গোয়েন্দা থিঙ্কট্যাংক সংস্থা। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) ভোরে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় এ দাবি করা হয়েছে।

ওসিন্ট ইউরোপ জানায়, পাকিস্তান সেনাবাহিনীর ‘অপারেশন গজব-লিল হক’-এর অংশ হিসেবে চালানো বিমান হামলায় কাবুলে ইসলামিক এমিরেত অব আফগানিস্তানের সর্বোচ্চ নেতা আখুন্দজাদা কয়েকজন শীর্ষ তালেবান কমান্ডারসহ নিহত হয়েছেন।

তবে এ বিষয়ে এখনো তালেবান সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

২০২১ সালে মার্কিন ও ন্যাটো বাহিনী আফগানিস্তান ত্যাগের পর দ্বিতীয় দফায় ক্ষমতায় আসে তালেবান। আখুন্দজাদা সেই সরকারের সর্বোচ্চ নেতা হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। তালেবান প্রশাসনের নীতিনির্ধারণে তার ভূমিকাই ছিল প্রধান।

সম্প্রতি পাকিস্তান দাবি করে, আফগানিস্তানভিত্তিক নিষিদ্ধ গোষ্ঠী তেহরিক-ই তালেবান পাকিস্তান (টিটিপি) তাদের ভূখণ্ডে হামলা চালাচ্ছে। এ প্রেক্ষাপটে গত ২১ ফেব্রুয়ারি আফগানিস্তানের নানগারহার ও পাকতিয়া প্রদেশে বিমান অভিযান চালায় পাকিস্তানের বিমানবাহিনী। ওই হামলায় ৮০ জনের বেশি মানুষ নিহত হওয়ার খবর পাওয়া যায়।

এর প্রতিক্রিয়ায় বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) রাতে পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের পাক-আফগান সীমান্তবর্তী ডুরান্ড লাইন এলাকায় পাকিস্তানি সেনাচৌকিতে হামলা চালায় আফগান বাহিনী। আফগান সংবাদমাধ্যম টোলোনিউজ জানিয়েছে, সেনাপ্রধান ফাসিহুদ্দিন ফিৎরাতের নির্দেশে রাত পর্যন্ত অভিযান চলে। এতে কয়েকজন পাকিস্তানি সেনা নিহত ও আটক হন।

আখুন্দজাদার মৃত্যুর দাবি সত্য হলে তা আফগানিস্তানের রাজনৈতিক ও নিরাপত্তা পরিস্থিতিতে বড় ধরনের প্রভাব ফেলতে পারে। তবে এখন পর্যন্ত কোনো স্বতন্ত্র বা সরকারি সূত্র এ তথ্য নিশ্চিত করেনি।

দক্ষিণ এশিয়ার দুই প্রতিবেশী দেশের মধ্যে সাম্প্রতিক সীমান্ত উত্তেজনার প্রেক্ষাপটে পরিস্থিতি কোন দিকে মোড় নেয়, সেদিকেই নজর রাখছে আন্তর্জাতিক মহল।

‘আন্তর্জাতিক’ : আরও খবর

সম্প্রতি