মধ্যপ্রাচ্যে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনা এবং সম্ভাব্য যুদ্ধের আশঙ্কায় নিজ দেশের নাগরিকদের জন্য কঠোর ভ্রমণ সতর্কতা জারি করেছে ফ্রান্স। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) ফ্রান্সের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে ইসরায়েল, জেরুজালেম ও পশ্চিম তীর ভ্রমণ পুরোপুরি এড়িয়ে চলার আহ্বান জানিয়েছে।
ফরাসি পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে জানানো হয়, ইরানের বর্তমান অস্থিতিশীল পরিস্থিতি এবং এর সম্ভাব্য আঞ্চলিক প্রভাবের কারণে ইসরায়েল ও ফিলিস্তিনি ভূখণ্ডে যেকোনো ধরনের পর্যটন বা পারিবারিক সফর জোরালোভাবে নিরুৎসাহিত করা হচ্ছে।
বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, পরিস্থিতির অবনতি ঘটলে যেকোনো সময় বিমান চলাচল বন্ধ, ফ্লাইট বাতিল বা বিলম্বিত হতে পারে। বর্তমানে ওই অঞ্চলে অবস্থানরত ফরাসি নাগরিকদের সর্বোচ্চ সতর্ক থাকা, জনসমাবেশ এড়িয়ে চলা এবং স্থানীয় কর্তৃপক্ষের নির্দেশনা মেনে নিরাপদ আশ্রয়স্থল চিহ্নিত করে রাখার পরামর্শ দেওয়া হয়েছে।
ইরানে হামলার আশঙ্কায় মধ্যপ্রাচ্যে নজিরবিহীন সামরিক উপস্থিতি জোরদার করেছে যুক্তরাষ্ট্র। দ্য টাইমস অব ইসরায়েল এর প্রতিবেদন অনুযায়ী, যুদ্ধের প্রস্তুতি হিসেবে মার্কিন এফ-৩৫, এফ-১৫ এবং এফ-১৬ যুদ্ধবিমানগুলো ইতিমধ্যে ইসরায়েলি সামরিক ঘাঁটিতে মোতায়েন করা হয়েছে। এসব যুদ্ধবিমানের জ্বালানি সরবরাহের জন্য রিফুয়েলিং বিমানও প্রস্তুত রাখা হয়েছে।
এছাড়া বিশ্বের বৃহত্তম মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস জেরাল্ড আর. ফোর্ড বর্তমানে ইসরায়েল উপকূলে অবস্থান করছে।
বিশ্লেষকরা মনে করছেন, যুক্তরাষ্ট্রের এই বিশাল সামরিক সমাবেশ যেকোনো সময় পূর্ণাঙ্গ যুদ্ধের রূপ নিতে পারে। ফ্রান্সের পাশাপাশি জার্মানি, চীন ও ভারতসহ বেশ কিছু দেশ ইতিমধ্যে তাদের নাগরিকদের ওই অঞ্চল ছাড়ার বা ভ্রমণে সতর্কতা অবলম্বনের নির্দেশ দিয়েছে।
আন্তর্জাতিক: বলিভিয়ায় সামরিক কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ১১