ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি হত্যাকাণ্ডের ঘটনায় গভীর শোক ও নিন্দা প্রকাশ করেছে বাংলাদেশ সরকার।
সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই হত্যাকাণ্ডকে আন্তর্জাতিক আইন ও রীতির সরাসরি লঙ্ঘন বলে অভিহিত করা হয়েছে।
বিবৃতিতে জানানো হয়, আয়াতুল্লাহ আলী খামেনি হত্যার ঘটনায় বাংলাদেশ সরকার গভীরভাবে মর্মাহত। সরকার মনে করে, সহিংসতার মাধ্যমে কোনো সমস্যার স্থায়ী সমাধান সম্ভব নয়। এই উদ্ভূত পরিস্থিতিতে ইরানের সাধারণ জনগণের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করেছে ঢাকা।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সংঘাত কোনো সুফল বয়ে আনে না; বরং আন্তর্জাতিক আইন মেনে চলা, সংলাপ এবং পারস্পরিক সম্মানের মাধ্যমেই যেকোনো সংকটের টেকসই সমাধান নিশ্চিত করা সম্ভব।
উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি ইরান ও মধ্যপ্রাচ্যের সংশ্লিষ্ট অঞ্চলে বড় ধরনের সংঘাতের সূত্রপাত ঘটে। পূর্ববর্তী এক বিবৃতিতে বাংলাদেশ মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের সার্বভৌমত্ব লঙ্ঘনের ঘটনায় নিন্দা জানালেও সেখানে সরাসরি ইরানের ওপর হামলার বিষয়টি উল্লেখ ছিল না। বিষয়টি নিয়ে বিভিন্ন মহলে আলোচনার প্রেক্ষিতে নতুন এই বিবৃতির মাধ্যমে ঢাকা তাদের অবস্থান পরিষ্কার করলো।
বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বৈশ্বিক ও আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখার স্বার্থে সব পক্ষকে শান্তিপূর্ণ ও সংলাপভিত্তিক পদক্ষেপ গ্রহণের আহ্বান জানানো হয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয় স্পষ্ট করেছে যে, আন্তর্জাতিক নিয়মনীতি লঙ্ঘন করে এ ধরনের হত্যাকাণ্ড কোনোভাবেই কাম্য নয় এবং বাংলাদেশ সবসময়ই বিশ্বশান্তির পক্ষে নিজের অবস্থান বজায় রাখবে।
আন্তর্জাতিক: খামেনি হত্যা আন্তর্জাতিক আইন ও রীতির সরাসরি লঙ্ঘন
অপরাধ ও দুর্নীতি: মার্কিন দূতাবাসের নিরাপত্তা জোরদার: স্বরাষ্ট্রমন্ত্রী