image

আটকে পড়া প্রবাসীদের সহায়তায় আন্তঃমন্ত্রণালয় সমন্বয় শুরু

সংবাদ অনলাইন রিপোর্ট

মধ্যপ্রাচ্যের অস্থির পরিস্থিতিতে সেখানে অবস্থানরত প্রবাসী বাংলাদেশি এবং বিদেশগামী নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করাকে সরকারের প্রধান অগ্রাধিকার হিসেবে ঘোষণা করা হয়েছে।

সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক আন্তঃমন্ত্রণালয় বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ এ কথা জানান।

তিনি বলেন, বর্তমানে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি অত্যন্ত সংবেদনশীল, তাই প্রবাসীদের নিরাপত্তা নিশ্চিত করা সরকারের “নাম্বার ওয়ান প্রায়োরিটি” বা সর্বোচ্চ অগ্রাধিকার।

প্রতিমন্ত্রী জানান, চলমান সংঘাতের কারণে অনেক প্রবাসী কর্মী যথাসময়ে গন্তব্যে পৌঁছাতে পারেননি কিংবা বিভিন্ন স্থানে আটকে পড়েছেন। এ সব নাগরিকের প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করতে এবং উপসাগরীয় দেশগুলোর সামগ্রিক পরিস্থিতি পর্যবেক্ষণে সরকারের বিভিন্ন বিভাগ সমন্বিতভাবে কাজ করছে। বিশেষ করে বিমানবন্দরে যাত্রীদের নিরাপত্তা এবং প্রয়োজনে তাদের হোটেলে থাকার ব্যবস্থা করার জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোকে নির্দেশনা দেওয়া হয়েছে।

ভিসা জটিলতা ও ভ্রমণ সংক্রান্ত সমস্যার কথা উল্লেখ করে শামা ওবায়েদ বলেন, যে সব প্রবাসীর ভিসার মেয়াদ শেষ হওয়ার পথে কিংবা যাদের জরুরি ভ্রমণ প্রয়োজন, তাদের সহায়তায় এয়ারলাইনসগুলোর সঙ্গে যোগাযোগ রক্ষা করা হচ্ছে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত নিয়মিত আপডেট নেওয়া হবে। কবে নাগাদ বিমান চলাচল পুরোপুরি স্বাভাবিক হবে তা সুনির্দিষ্ট করে বলা না গেলেও, পরিস্থিতি উন্নত হওয়া মাত্রই যেন প্রবাসীরা কোনো জটিলতা ছাড়াই কর্মস্থলে ফিরতে পারেন, সেই প্রস্তুতিও সরকারের রয়েছে।

সংঘাতের প্রভাবে প্রাণহানির বিষয়ে প্রতিমন্ত্রী জানান, মধ্যপ্রাচ্যে সাম্প্রতিক সহিংসতায় এখন পর্যন্ত দুইজন নিহত হয়েছেন। তাদের মধ্যে একজন বাংলাদেশি এবং অন্যজন রোহিঙ্গা। নিহতের পরিবারের সঙ্গে মন্ত্রণালয় যোগাযোগ রক্ষা করছে।

পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলে তাদের মরদেহ দেশে ফিরিয়ে আনার প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি আশ্বাস দেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে ইতিমধ্যে চলমান পরিস্থিতি নিয়ে দুটি বিবৃতি দেওয়া হয়েছে এবং প্রয়োজনে আরও বিস্তারিত জানানো হবে বলে ব্রিফিংয়ে উল্লেখ করা হয়। বর্তমানে সব মন্ত্রণালয় ও দপ্তরগুলোর মধ্যে নিবিড় সমন্বয়ের মাধ্যমে এই সংকট মোকাবিলা করা হচ্ছে।

‘আন্তর্জাতিক’ : আরও খবর

সম্প্রতি