image

ইরানের রেভল্যুশনারি গার্ডের দাবি

নেতানিয়াহুর কার্যালয়ে ক্ষেপণাস্ত্র হামলা

সংবাদ অনলাইন রিপোর্ট

ইরানের রেভল্যুশনারি গার্ড (আইআরজিসি) দাবি করেছে, তারা ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় এবং ইসরায়েলি বিমান বাহিনী প্রধানের সদর দপ্তর লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। রোববার (১ মার্চ) দিবাগত রাতে এই হামলা চালানো হয়েছে বলে দেশটির সংবাদমাধ্যম ফারস নিউজ এজেন্সি জানিয়েছে।

আইআরজিসির বিবৃতির বরাত দিয়ে ফারস নিউজ জানায়, ‘জায়নবাদী শাসনের অপরাধী প্রধানমন্ত্রীর কার্যালয় ও বিমানবাহিনী প্রধানের সদর দপ্তর’ লক্ষ্য করে এই হামলা পরিচালনা করা হয়। বিবৃতিতে আরও বলা হয়, অত্যাধুনিক ‘খাইবার’ ক্ষেপণাস্ত্র ব্যবহার করে এই লক্ষ্যবস্তু দুটিতে আঘাত হানার দাবি করা হয়েছে।

ইরানের এই দাবির তাৎক্ষণিক কোনো সত্যতা যাচাই করতে পারেনি আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো। ইসরায়েলের পক্ষ থেকে এখনও এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া বা নিশ্চিতকরণ দেওয়া হয়নি। তেহরানের এই ঘোষণা অত্যন্ত সংবেদনশীল একটি সময়ে এলো, যখন মধ্যপ্রাচ্যে ইরান-ইসরায়েল উত্তেজনা চরমে পৌঁছেছে।

উল্লেখ্য, ‘খাইবার’ হচ্ছে ইরানের তৈরি দূরপাল্লার নির্ভুল ক্ষেপণাস্ত্র, যা শক্তিশালী বিস্ফোরক বহনে সক্ষম বলে দাবি করা হয়। এই হামলার দাবি যদি সত্য হয়, তবে তা দ্বিপাক্ষিক সম্পর্কের ইতিহাসে এক গুরুতর সংঘাতের দিকে ইঙ্গিত করে। আন্তর্জাতিক মহল এখন ইসরায়েলের সম্ভাব্য প্রতিক্রিয়ার দিকে তাকিয়ে আছে। সূত্র: ফারস নিউজ এজেন্সি ও এএফপি।

‘আন্তর্জাতিক’ : আরও খবর

সম্প্রতি