লেবাননের রাজধানী বৈরুতে ইরান-সমর্থিত গোষ্ঠী হিজবুল্লাহর মালিকানাধীন আল-মানার টেলিভিশন কার্যালয়ে ভয়াবহ বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। মঙ্গলবার (৩ মার্চ) বৈরুতের দক্ষিণাঞ্চলে অবস্থিত এই সংবাদমাধ্যমটির কার্যালয় লক্ষ্য করে এই হামলা চালানো হয়।
বার্তা সংস্থা এএফপি-এর বরাতে জানা গেছে, দক্ষিণ বৈরুতের হারেত হরিক এলাকায় আল-মানার চ্যানেলের প্রধান ভবন লক্ষ্য করে ইসরায়েল এই বিমান হামলা চালায়। সম্প্রচারক সংস্থাটি সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে এক বার্তায় হামলার খবর নিশ্চিত করেছে। তারা জানায়, ইসরায়েলি মিসাইলের আঘাতে চ্যানেলটির কার্যালয় ও অবকাঠামো ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
গত শনিবার ইরানি শীর্ষ নেতা নিহত হওয়ার পর থেকে মধ্যপ্রাচ্যে যে যুদ্ধাবস্থা তৈরি হয়েছে, তার অংশ হিসেবেই ইসরায়েল লেবাননে হিজবুল্লাহর বিভিন্ন লক্ষ্যবস্তুতে অভিযান জোরদার করেছে। আল-মানার টেলিভিশন সরাসরি হিজবুল্লাহর মুখপত্র হিসেবে পরিচিত হওয়ায় একে লক্ষ্যবস্তু করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
হামলার সময় ভবনের ভেতরে কেউ আটকা পড়েছেন কি না বা কী পরিমাণ হতাহত হয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কোনো তথ্য পাওয়া যায়নি। তবে হামলার পর ওই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে এবং ধোঁয়ার কুণ্ডলী দেখা গেছে।
একদিকে বাহরাইনে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা এবং অন্যদিকে বৈরুতে ইসরায়েলি বিমান হামলা সব মিলিয়ে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি এখন নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার শঙ্কায় রয়েছে। যুক্তরাষ্ট্র ইতিমধ্যে তাদের নাগরিকদের এই অঞ্চল ত্যাগের নির্দেশ দিয়েছে এবং যুদ্ধের পরিধি আরও দীর্ঘস্থায়ী হতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প।
অর্থ-বাণিজ্য: মধ্যপ্রাচ্য সংকট দেশের রপ্তানি খাতে নতুন হুমকি
অর্থ-বাণিজ্য: দেশের বিমানবন্দরগুলোতে পচে যাচ্ছে পণ্য
আন্তর্জাতিক: ইরানে হামলার কারণ জানালেন নেতানিয়াহু