বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার ও নিবিড়ভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেছে যুক্তরাজ্য।
মঙ্গলবার (৩ মার্চ) নবনিযুক্ত পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান ও প্রতিমন্ত্রী শামা ওবায়েদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক এই মনোভাব ব্যক্ত করেন।
পররাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এই বৈঠকে নবনিযুক্ত পররাষ্ট্রমন্ত্রীকে অভিনন্দন জানান ব্রিটিশ হাইকমিশনার।
সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে দীর্ঘদিনের যে শক্তিশালী অংশীদারত্ব রয়েছে, এই বৈঠকের মাধ্যমে তার গভীরতা আবারও প্রমাণিত হয়েছে। অভিন্ন স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে দুই দেশ একে অপরকে সহযোগিতার আশ্বাস দিয়েছে।
ব্রিটিশ হাইকমিশনার আরও জানান, বৈঠকে বিশেষ করে অর্থনৈতিক প্রবৃদ্ধি, অভিবাসন সমস্যা সমাধান, নিরাপত্তা নিশ্চিতকরণ এবং জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় দুই দেশ কীভাবে একসঙ্গে কাজ করতে পারে, তা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। এ ছাড়া রোহিঙ্গা সংকট সমাধানে যুক্তরাজ্যের অবস্থান এবং সহযোগিতা অব্যাহত রাখার বিষয়েও গুরুত্বারোপ করা হয়।
সারাহ কুক বলেন, বাংলাদেশের উন্নয়নের নতুন এই অধ্যায়ে যুক্তরাজ্য অংশীদার হতে চায়।
দুই দেশের ঐতিহাসিক বন্ধুত্বের কথা স্মরণ করে তিনি উল্লেখ করেন, আগামী দিনগুলোতে কৃষি, প্রযুক্তি এবং বাণিজ্যিক ক্ষেত্রে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও উচ্চতায় নিয়ে যেতে প্রতিশ্রুতিবদ্ধ তার দেশ। কূটনৈতিক এই তৎপরতা দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও গতিশীল করবে বলে আশা করা হচ্ছে।
সারাদেশ: সুনামগঞ্জে সার বিক্রেতাদের মানববন্ধন
অর্থ-বাণিজ্য: মধ্যপ্রাচ্য সংকট দেশের রপ্তানি খাতে নতুন হুমকি
অর্থ-বাণিজ্য: দেশের বিমানবন্দরগুলোতে পচে যাচ্ছে পণ্য