ওআইসি এবং জোট নিরপেক্ষ আন্দোলন (ন্যাম) এর সদস্য দেশ হিসেবে বাংলাদেশ ইরানে আগ্রাসী হামলাকারীদের সরাসরি নিন্দা জানাবে এমনটাই প্রত্যাশা করছে ইরান।
বুধবার (৪ মার্চ) বিকেলে রাজধানীর ইরান দূতাবাসে এক সংবাদ সম্মেলনে ঢাকায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত জলিল রহিমী জাহানাবাদী এই আশাবাদ ব্যক্ত করেন।
সম্প্রতি ইরানে সংঘটিত হামলার ঘটনায় বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দেওয়া বিবৃতিতে হামলাকারী দেশ হিসেবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের নাম উল্লেখ না করার বিষয়ে রাষ্ট্রদূতের দৃষ্টি আকর্ষণ করা হয়। জবাবে তিনি বলেন, বাংলাদেশ একটি ভ্রাতৃপ্রতিম মুসলিম দেশ। একইসঙ্গে ওআইসি ও ন্যাম এর সদস্য হিসেবে একটি আগ্রাসী শক্তির বিরুদ্ধে সরাসরি নিন্দা বা প্রতিবাদ জানানো হবে; এটিই তেহরানের স্বাভাবিক প্রত্যাশা।
তিনি আরও উল্লেখ করেন, বর্তমান পরিস্থিতিতে মুসলিম দেশগুলোর উচিত আক্রান্ত দেশের পাশে দাঁড়িয়ে একাত্মতা প্রকাশ করা।
সংবাদ সম্মেলনে রাষ্ট্রদূত ইরানের সামরিক সক্ষমতার কথা উল্লেখ করে বলেন, তেহরান দীর্ঘমেয়াদে যুদ্ধ চালিয়ে যাওয়ার সক্ষমতা রাখে। ইরানের ড্রোন এবং মিসাইল প্রযুক্তি অত্যন্ত শক্তিশালী এবং যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা এগুলো মোকাবিলায় ব্যর্থ হয়েছে।
প্রতিবেশী মুসলিম দেশগুলোর কাছ থেকে ইরান কোনো সামরিক সহযোগিতা বা লজিস্টিক সাপোর্ট চায় না জানিয়ে তিনি বলেন, ইরান কেবল মুসলিম বিশ্বের নৈতিক সমর্থন ও সহানুভূতি প্রত্যাশা করে। এ সময় তিনি অন্য কোনো মুসলিম দেশের ভূখণ্ড ব্যবহার করে যেন হামলা চালানো না হয়, সে বিষয়েও সতর্ক থাকার আহ্বান জানান।
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যু প্রসঙ্গে রাষ্ট্রদূত বলেন, তাকে অত্যন্ত কাপুরুষোচিতভাবে হত্যা করা হয়েছে। এটি ইরানের গোয়েন্দা ব্যর্থতা নয়, বরং প্রতিপক্ষের নিকৃষ্ট চক্রান্তের ফল।
তিনি আরও জানান, বর্তমান পরিস্থিতিতে তিন সদস্যের একটি কমিটি দেশটির নেতৃত্ব দিচ্ছে এবং শিগগিরই এক্সপার্ট কাউন্সিলের মাধ্যমে পরবর্তী নেতা নির্বাচন করা হবে।
অভ্যন্তরীণ পরিস্থিতি সম্পর্কে তিনি দাবি করেন, বহিরাগত আগ্রাসনের মুখে ইরানের সাধারণ জনগণ সরকারের সঙ্গে ঐক্যবদ্ধ রয়েছে।
পরিশেষে রাষ্ট্রদূত হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ইরান কোনো দেশের প্রতি আগ্রাসী নয়, তবে আক্রান্ত হলে শেষ রক্তবিন্দু দিয়ে প্রতিরোধ গড়ে তোলা হবে। অপমানজনকভাবে বেঁচে থাকার চেয়ে বীরের মতো মৃত্যুকে ইরান শ্রেষ্ঠ মনে করে। এ সময় তিনি মধ্যপ্রাচ্যে অস্থিতিশীলতা সৃষ্টির প্রচেষ্টাকে রুখে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।
আন্তর্জাতিক: নেপালে নির্বাচনে ভোটগ্রহণ সম্পন্ন, ফলাফলের অপেক্ষা
অর্থ-বাণিজ্য: তেলের দাম ছাড়াতে পারে ১৫০ ডলার, বিশেষজ্ঞদের সতর্কবার্তা