image
ছবিঃ সংগৃহীত

খামেনির মৃত্যু গোয়েন্দা ব্যর্থতা নয়, কাপুরুষোচিত হত্যাকাণ্ড: ইরানের রাষ্ট্রদূত

কূটনৈতিক বার্তা পরিবেশক

ঢাকায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত জলিল রহিমী জাহানাবাদী বলেছেন, আয়াতুল্লাহ খামেনির মৃত্যু ঘিরে কোনো ধরনের গোয়েন্দা ব্যর্থতা ছিল না, এটি একটি কাপুরুষোচিত হত্যাকাণ্ড। তিনি দাবি করেন, যুক্তরাষ্ট্র অতীতেও এ ধরনের হত্যাকাণ্ড ঘটিয়েছে এবং মুসলিম নেতাদের লক্ষ্যবস্তু করেছে।

গতকাল বুধবার দুপুরে ঢাকায় অবস্থিত ইরান দূতাবাসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

রাষ্ট্রদূত বলেন, ইরান দীর্ঘ মেয়াদে এ যুদ্ধ চালিয়ে যাওয়ার সক্ষমতা রাখে। আমাদের কাছে পর্যাপ্ত ড্রোন ও মিসাইলসহ প্রয়োজনীয় সামরিক শক্তি রয়েছে। আমরা অন্য কোনো দেশের কাছ থেকে লজিস্টিক সাপোর্ট চাই না।

যুক্তরাষ্ট্রের নাম উল্লেখ না করে দেয়া ঢাকার বিবৃতি প্রসঙ্গে ইরানের রাষ্ট্রদূত বলেন, ওআইসির সদস্য ও মুসলিম দেশ হিসেবে বাংলাদেশ আগ্রাসী শক্তির সরাসরি নিন্দা ও প্রতিবাদ করবে, এটাই প্রত্যাশা করি।

ইরানে অবস্থানরত বাংলাদেশি শিক্ষার্থীদের নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়েছে বলেও জানান তিনি। রাষ্ট্রদূত জলিল রহিমি জাহনাবাদি বলেন, এখন পর্যন্ত ৮০০ মানুষ শাহাদাত বরণ করেছে। সর্বোচ্চ নেতা খামেনি শেষ পর্যন্ত মানুষের পাশে ছিলেন, তিনি পালিয়ে যাননি।

তিনি আরও বলেন, ইরান সর্বশক্তি দিয়ে এই যুদ্ধ চালিয়ে যাবে, যতদিন না যুক্তরাষ্ট্র শান্তির পথে আসে। পাশাপাশি তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, প্রতিবেশী দেশগুলোতে মার্কিনিরা যেখানেই অবস্থান করুক, তাদের লক্ষ্যবস্তুতে পরিণত করা হবে।

‘আন্তর্জাতিক’ : আরও খবর

সম্প্রতি