ইরানের সাথে চলমান চরম সংঘাতের মধ্যেই শক্তিশালী আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র মিনিটম্যান-৩-এর সফল পরীক্ষা চালিয়েছে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার (৩ মার্চ) রাতে ক্যালিফোর্নিয়ার ভ্যান্ডেনবার্গ স্পেস ফোর্স বেস থেকে এই নিরস্ত্র ক্ষেপণাস্ত্রটি উৎক্ষেপণ করা হয়।
মিনিটম্যান-৩ বিশ্বের যেকোনো প্রান্তে নিখুঁতভাবে আঘাত হানতে সক্ষম। এটি একই সাথে একাধিক পারমাণবিক ওয়ারহেড বহন করতে পারে এবং আলাদা আলাদা লক্ষ্যবস্তুতে সেগুলো নিক্ষেপ করতে পারে। ভূগর্ভস্থ বাঙ্কার থেকে মাত্র কয়েক মিনিটের নোটিশে এটি উৎক্ষেপণ করা সম্ভব বলে একে ডুমসডে বা কেয়ামতের ক্ষেপণাস্ত্র বলা হয়।
মার্কিন এয়ার ফোর্স গ্লোবাল স্ট্রাইক কমান্ড জানিয়েছে, এটি একটি নিয়মিত পরীক্ষা এবং কোনো নির্দিষ্ট বিশ্ব ঘটনার প্রতিক্রিয়া নয়। উৎক্ষেপণের পর ক্ষেপণাস্ত্রটি কয়েক হাজার মাইল পাড়ি দিয়ে মার্শাল দ্বীপপুঞ্জের কোয়াজালিন প্রবাল প্রাচীরের নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত হানে। মূলত এর নির্ভুলতা ও নির্ভরযোগ্যতা যাচাই করতেই এই পরীক্ষা চালানো হয়েছে।
সামরিক বিশ্লেষকদের মতে, এই পরীক্ষার সময় নির্বাচন অত্যন্ত তাৎপর্যপূর্ণ। গত ২৮ ফেব্রুয়ারি থেকে ইরান ও ইসরায়েল-যুক্তরাষ্ট্রের মধ্যে পাল্টাপাল্টি হামলা চলছে। এই পরিস্থিতিতে মিনিটম্যান-৩-এর পরীক্ষা তেহরানের জন্য একটি শক্তিশালী সতর্কবার্তা হতে পারে।
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইতিমধ্যে জানিয়েছেন, ইরানের ওপর আরও জোরালো আক্রমণ করতে যুক্তরাষ্ট্র প্রস্তুত। উল্লেখ্য, গত বছরের শেষ দিকে ট্রাম্প চীন ও রাশিয়ার সঙ্গে পাল্লা দিতে যুক্তরাষ্ট্রের পারমাণবিক সক্ষমতা বাড়ানোর নির্দেশ দিয়েছিলেন।
আন্তর্জাতিক: নেপালে নির্বাচনে ভোটগ্রহণ সম্পন্ন, ফলাফলের অপেক্ষা
অর্থ-বাণিজ্য: তেলের দাম ছাড়াতে পারে ১৫০ ডলার, বিশেষজ্ঞদের সতর্কবার্তা