মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও বেআইনি হামলার তীব্র নিন্দা জানিয়ে বিশ্ববাসীকে সতর্ক করেছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। শুক্রবার (৬ মার্চ) তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, সংঘাত যেভাবে ছড়িয়ে পড়ছে, তাতে পরিস্থিতি যেকোনো সময় সবার নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে।
জাতিসংঘ থেকে প্রাপ্ত তথ্যের বরাতে এএফপি জানায়, গত ২৮ ফেব্রুয়ারি থেকে ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি বাহিনীর ব্যাপক বিমান হামলা এবং এর জবাবে ইরানের পাল্টা হামলায় পুরো অঞ্চল এখন রণক্ষেত্রে পরিণত হয়েছে। জাতিসংঘ মহাসচিব জানান, এই বেআইনি হামলাগুলো সাধারণ মানুষের চরম দুর্ভোগের কারণ হচ্ছে এবং বিশ্ব অর্থনীতিকে মারাত্মক ঝুঁকির মুখে ঠেলে দিচ্ছে। তিনি অবিলম্বে লড়াই থামিয়ে কূটনৈতিক আলোচনার আহ্বান জানান।
জাতিসংঘের মানবিক সহায়তা বিষয়ক প্রধান টম ফ্লেচার এক চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন। তিনি জানান, এই যুদ্ধে প্রতিদিন প্রায় ১০০ কোটি ডলার ব্যয় করা হচ্ছে, যা একটি বিশ্ব রেকর্ড। ফ্লেচার ক্ষোভ প্রকাশ করে বলেন, একদিকে যুদ্ধের পেছনে বিপুল অর্থ ঢালা হচ্ছে, অন্যদিকে রাজনীতিকরা অসহায় মানুষের সহায়তা তহবিল কাটছাঁট করছেন। তিনি একে প্রযুক্তি ও বিচারহীনভাবে মানুষ হত্যার ভয়াবহ সমন্বয় বলে উল্লেখ করেন।
যুদ্ধের ফলে বাজার ব্যবস্থা ও সরবরাহ চেইন ব্যাহত হওয়ায় খাদ্যপণ্যের দাম বাড়ছে, যার সরাসরি প্রভাব পড়ছে বিশ্বের সবচেয়ে গরিব ও অসহায় মানুষের ওপর।
উল্লেখ্য, ওয়াশিংটন দাবি করেছে তেহরানের পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র হুমকি ঠেকাতেই এই অভিযান। তবে ডোনাল্ড ট্রাম্পের নিঃশর্ত আত্মসমর্পণের দাবি এবং চলমান পাল্টাপাল্টি হামলায় মধ্যপ্রাচ্যের শান্তি প্রক্রিয়া এখন খাদের কিনারায় দাঁড়িয়ে।
সারাদেশ: ফরিদপুরের উপজেলাগুলোতে মাদকের সয়লাব
নগর-মহানগর: ক্ষুধার্ত মানুষের খাবারের ঠিকানা ‘মেহমানখানা’