image

যুক্তরাষ্ট্রে মুসলিমদের কোনো স্থান নেই, রিপাবলিকান কংগ্রেসম্যানের মন্তব্যে তোলপাড়

বিদেশী সংবাদ মাধ্যম

যুক্তরাষ্ট্রের সমাজে মুসলিমদের কোনও স্থান নেই, একজন রিপাবলিকান কংগ্রেস সদস্যের এমন মন্তব্যে দেশটিতে তীব্র নিন্দার ঝড় উঠেছে। গতকাল সোমবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে টেনেসির প্রতিনিধি অ্যান্ডি ওগলেস এই মন্তব্য করেন। একই পোস্টে তিনি আরও লেখেন, ‘বহুত্ববাদ মিথ্যা।’ খবর সংবাদ মাধ্যমের।

ঠিক কী কারণে ওগলেস এমন মন্তব্য করেছেন তা তাৎক্ষণিকভাবে স্পষ্ট হয়নি। তবে গত ২৮ ফেব্রুয়ারি ইরান ও ইসরায়েলের মধ্যে যুদ্ধ শুরুর পর থেকে এক্সে মুসলিমবিরোধী কন্টেন্ট নাটকীয়ভাবে বৃদ্ধি পেয়েছে বলে জানিয়েছেন সামাজিক যোগাযোগমাধ্যম পর্যবেক্ষকরা।

ওয়াশিংটন ডিসি-ভিত্তিক সেন্টার ফর দ্য স্টাডি অব অর্গানাইজড হেট (সিএসওএইচ) ১ জানুয়ারি থেকে ৫ মার্চ পর্যন্ত মুসলিমদের লক্ষ্য করে চালানো বিদ্বেষমূলক পোস্টগুলো পর্যবেক্ষণ করেছে। তাদের প্রতিবেদন অনুযায়ী, যুদ্ধ শুরুর আগে এই ধরনের পোস্টের সংখ্যা ছিল দৈনিক ২ হাজারের নিচে, যা যুদ্ধের দিন থেকে বেড়ে ৬ হাজারে দাঁড়িয়েছে।

ইসরায়েলের কট্টর সমর্থক ও কট্টরপন্থি হাউস ফ্রিডম ককাসের সদস্য ওগলেস এর আগেও মুসলিমদের লক্ষ্য করে বিভিন্ন প্রস্তাব এনেছেন। সম্প্রতি তিনি নির্দিষ্ট কিছু মুসলিমপ্রধান দেশ থেকে অভিবাসন নিষিদ্ধ করার আইন প্রবর্তনের ইচ্ছাও প্রকাশ করেছেন। এমনকি গত সপ্তাহে তিনি এক পোস্টে লিখেছিলেন, ‘বৈচিত্র্যই আমাদের দুর্বলতা’ এবং প্রাকৃতিক উপায়ে নাগরিকত্ব পাওয়া মার্কিন মুসলিমদেরও দেশান্তরের ডাক দেন।

তদন্তকারী সংবাদমাধ্যম ড্রপ সাইট নিউজ গত সেপ্টেম্বরে জানিয়েছিল, ইসরায়েলবিরোধী জনমত মোকাবিলা করতে ইসরায়েলি পররাষ্ট্র মন্ত্রণালয় যুক্তরাষ্ট্র ও ইউরোপে একটি জরিপ চালায়। সেখানে দেখা গেছে, যখন মানুষের মনে মুসলিমদের নিয়ে ভীতি তৈরি করা হয়, তখন ইসরায়েলের প্রতি সমর্থন প্রায় ২০ শতাংশ বেড়ে যায়।

ওগলেসের এই মন্তব্যকে ‘ঘৃণ্য’ ও ‘ইসলামোফোবিক’ বলে বর্ণনা করেছেন ডেমোক্র্যাটিক আইনপ্রণেতারা। হাউজ মাইনরিটি হুইপ ক্যাথরিন ক্লার্ক কড়া ভাষায় এই বক্তব্যের সমালোচনা করেছেন। রিপাবলিকান নেতাদের প্রতি ওগলেসকে জনসমক্ষে নিন্দা জানানোর আহ্বান জানিয়েছেন লিসা ব্লান্ট রচেস্টার।

কাউন্সিল অন আমেরিকান-ইসলামিক রিলেশনস (সিএআইআর) ওগলেসকে একজন ‘মুসলিমবিরোধী চরমপন্থি’ হিসেবে অভিহিত করেছে। সংস্থাটি জানায়, ইসলাম আমেরিকার একটি ধর্ম যা ঔপনিবেশিক আমল থেকেই দেশটিতে বিদ্যমান।

রিপাবলিকান নেতাদের মধ্যে মুসলিমবিরোধী বক্তব্য দেওয়ার প্রবণতা বাড়ছে বলে সংবাদে জানানো হয়। দ্য ওয়াশিংটন পোস্টের এক বিশ্লেষণে দেখা গেছে, বছরের শুরু থেকে এ পর্যন্ত কংগ্রেসের প্রায় ১০০ জন রিপাবলিকান সদস্য মুসলিম বা ইসলাম নিয়ে পোস্ট দিয়েছেন, যার সিংহভাগই নেতিবাচক। গত মাসে আরেক নেতা র‌্যান্ডি ফিন মুসলিমদের চেয়ে কুকুরকে বেছে নেওয়ার কথা বলে সমালোচিত হলেও তার বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেয়নি রিপাবলিকান নেতৃত্ব।

‘আন্তর্জাতিক’ : আরও খবর

সম্প্রতি